১ বছরের শিশুর বিরল অসুখ, চিকিৎসার আবেদন নিয়ে জনতার দরবারে মা-বাবা
বর্তমান | ১৬ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকে বিজেপির রাজ্য অফিসে একটি এক বছরের শিশু এসেছিল। ফুটফুটে। ফুলের মতো চেহারা। তাকে ঘিরে সারাক্ষণই জটলা। বাচ্চাটি বোঝেনি এ ভিড় তার জন্যই জমছে। এত মানুষ দেখে অবাক চোখে তাকিয়ে। মাঝেমধ্যে ঠোঁট উল্টে হাসছিল। মাঝে মাঝে প্রবল গরম ও ভিড়ের জন্য বিরক্ত হয়ে ফুঁপিয়েও উঠছিল। তাকে কোলে নিয়ে ছিলেন তার মা। তিনি অঝোরে কাঁদছিলেন। চোখের জল শুকোচ্ছিলই না। শিশুটি বিরল এক অসুখে আক্রান্ত।
এই অসুখে জিনের গঠন পরিপূর্ণ হয় না। বাচ্চাটির বাবা উজ্জ্বল নস্কর জানালেন, রোগটি ভয়ঙ্কর। চিকিৎসার খরচ আকাশছোঁয়া। একটি ইনজেকশনের দামই ৯ কোটি টাকা। তাঁরা বারাসত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এসেছিলেন সাহায্যের আবেদন নিয়ে। উজ্জ্বলবাবু জানান, মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন। যেখানে যেখানে সাহায্যের আবেদন জানানো যায় সেখানে সেখানে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এরা ছাড়াও সমকাজে সমবেতনের দাবি নিয়ে এসেছিলেন উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির নেতৃত্ব। এছাড়া এক বৃদ্ধ দম্পতি এসেছিলেন পুত্রের মৃত্যুর সঠিক বিচার চেয়ে। আর বেতনক্রম সঠিক করার আবেদন নিয়ে এসেছিলেন সমগ্র শিক্ষা মিশনের প্রতিনিধিরা। সবমিলিয়ে ৪৩ সাহায্যপ্রার্থী এদিন জনতার দরবারে এসেছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের কথা বলে গিয়েছেন।