নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভেনিউয়ের বাড়ির সামনের নিরাপত্তা ফিরিয়ে দিল রাজ্যের নতুন বিজেপি সরকার। এই খবর শুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য।
এই বিষয়ে ফোনে মীরাদেবী বলেন, ‘আমি এখনো এই খবর পাইনি। এই কাজ উনি করলে মুখ্যমন্ত্রীকে আমার আন্তরিক ধন্যবাদ। উনি যে এত কাজের মধ্যেও আমার মতো মানুষের কথা মনে রেখেছেন, এ আমার পরম সৌভাগ্য।’ ২০২৪ সালের ৮ আগস্ট পাম অ্যাভেনিউয়ের ওই বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখনো এই ছোটো ফ্ল্যাটেই থাকেন মীরাদেবী এবং তাঁদের সন্তান।
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পরই ওই বাড়ি থেকে সরকারি নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্যের তত্কালীন তৃণমূল কংগ্রেস সরকার।