কলকাতা থেকে দিল্লি, চেন্নাই সহ নয়া ৪ রুটে বিলাসবহুল বাস চালু, উদ্বোধনে পরিবহণমন্ত্রী অর্জুন ও সাংসদ শমীক
বর্তমান | ১৬ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এবার বাসে চেপে কলকাতা থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে দেশের রাজধানী দিল্লি! শুধু তাই নয়। কলকাতা থেকে যাওয়া যাবে সরাসরি বেঙ্গালুরু, চেন্নাই, পুরীও। বুধবার সল্টলেক করুণাময়ীতে এমনই বিলাসবহুল স্লিপার বাস পরিষেবার সূচনা করলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এবং রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতা-দিল্লি, কলকাতা-বেঙ্গালুরু, কলকাতা-পুরী এবং কলকাতা-চেন্নাই এই চারটি নতুন রুটে এই বাস পরিষেবা চালু হল। তবে, এইগুলি সরকারি বাস নয়। একটি বেসরকারি পরিবহণ সংস্থার অত্যাধুনিক বাস। ভিতরে ওয়াইফাই, এলইডি স্ক্রিন, বায়ো-টয়লেট সহ সমস্ত পরিষেবা থাকবে।
পরিবহণমন্ত্রী বলেন, আমাদের ডবল ইঞ্জিন সরকার। বাংলার বাস যাবে দিল্লি। কোনো সমস্যা হলে আমাদের বলবেন। তিনি রাজ্যের সরকারি বাস টার্মিনাস এবং বাস ডিপোগুলির আধুনিকীকরণ করার কথাও জানিয়েছেন। মন্ত্রী বলেন, বিদেশের ধাঁচে আমরা সাজাব। শমীকবাবু জানিয়েছে, সরকারি বাস পরিষেবা খারাপ হয়ে গিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের সরকারি পরিষেবা আরও খারাপ। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ শুরু হয়েছে।