• পরিকল্পনা করেই খুন রাজা দত্ত বড়ো মাথার খোঁজে তদন্তকারীরা, এক্সপ্রেসওয়েতে শ্যুটআউট, দেহে পাঁচ গুলি
    বর্তমান | ১৬ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদমে শ্যুটআউট হয়েছিল পরিকল্পনা মাফিক। অ্যাম্বুশ করেই খুন করা হয় কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তকে। চারিদিক থেকে ঘিরে ধরে মৃত্যু নিশ্চিত করতে তাঁর শরীর লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি করা হয়েছিল। নিজেকে রক্ষা করা বা পাল্টা আক্রমণের কোনো সুযোগ সে পায়নি। প্রাথমিক তদন্তে এটাই মনে করছে পুলিশ। তিন অভিযুক্ত গ্রেপ্তার হলেও পিছনে বড়ো পরিকল্পনাকারী যুক্ত বলে তদন্তকারীদের অনুমান। ধৃতদের জেরা করে ঘটনার রহস্যভেদের চেষ্টা চালাচ্ছেন কমিশনারেটের আধিকারিকরা। 

    রবিবার মধ্যরাতে দমদমের খলিসাকোটা এলাকার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে শ্যুটআউটের ঘটনা ঘটে। তাতেই শার্পশ্যুটার রাজা দত্ত খুন হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, রাজার শরীরে পাঁচটি ‘বুলেট ইনজুরি’ ছিল। পায়ে লেগেছিল তিনটি গুলি। গুলি পা ভেদ করে বেরিয়ে যায়। ডান দিকের পেটের উপরে ও বাম দিকের তলপেটে দুটি গুলি লাগে। গুলি করা হয়েছিল, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। তদন্তকারীদের অনুমান, রাজা বাইক থেকে নামার পর কয়েক মিনিটের মধ্যে তার পা লক্ষ করে পরপর গুলি চালানো হয়। ঝুঁকে পড়লে তার মাথায় ভারী লোহার রড দিয়ে আঘাত করা হয়। পেটে পরপর গুলি চালানো হয়। খুনের সময় দুটি পিস্তল ব্যবহার করা হয়েছে। গুলি চলেছে, অন্তত সাত থেকে আট রাউন্ড। তবে স্থানীয়দের দাবি, প্রায় দু’বছর ধরে বড়ো ঝামেলা এড়িয়ে চলছিল রাজা। প্রতিষ্ঠিত প্রোমোটার হতে চাইছিল। তাই ধৃত সুমন রায়ের নিয়ন্ত্রণে থাকা খলিসাকোটা এলাকায় ঢোকার চেষ্টা করত না। এমনকি রাতে বাড়ির বাইরে খুব একটা বেরত না। এখন প্রশ্ন, খলিসাকোটায় আচমকা রাতের বেলা সে কেন এল? কে তাকে ডেকে এনেছিল? নাগালের মধ্যে এলে রাজাকে একেবারে নিকেশ করার নকশা কোন কোন প্রভাবশালীর মদতে তৈরি হয়েছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। তবে প্রাথমিক জেরায় সুমন জানিয়েছে, রাজা পিস্তল উঁচিয়ে হুমকি দিচ্ছিল। গুলি চালিয়েছিল রাজা। তার ছেলেরা রাজার হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে পাল্টা গুলি চালায়। যদিও পুলিশ এই দাবির সঙ্গে ঘটনার মিল পাচ্ছে না। 
  • Link to this news (বর্তমান)