নৈহাটির প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার, একাধিক দুর্নীতির অভিযোগ
বর্তমান | ১৬ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দুর্নীতি, তোলাবাজি এবং হুমকি সহ একাধিক অভিযোগে নৈহাটি পুরসভার পদত্যাগী চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। অশোকবাবু আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কী কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, তা বুঝতে পারছি না। গত ১১ বছর ধরে আমি চেয়ারম্যান হিসাবে নৈহাটিকে সাজিয়ে তোলার কাজ করেছি। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বড়মার মন্দির তৈরি করেছি। যদি কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, মন্দির কমিটি তার জবাব দেবে। আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই। বিচারক তাঁকে দু’দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য, এর আগে তাঁর ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। নৈহাটি থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মীরা। ছোড়া হয়েছিল ডিম। তারপর অশোক চট্টোপাধ্যায় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে ওই পুরসভায় প্রশাসক বসেছেন। এখনও নৈহাটির বেশ কয়েকজন তৃণমূল নেতা পলাতক অবস্থায় রয়েছেন। বারাসতে জেলাশাসকের অফিসে দেখা গেলেও নৈহাটিতে দলের নেতা-কর্মীদের পাশে সাংসদ পার্থ ভৌমিককে দেখা যায়নি। অশোক চট্টোপাধ্যায় বড়মা মন্দির কমিটির সভাপতি ছিলেন। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ জানিয়েছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য। প্রশ্ন উঠেছিল কাউন্সিলারদের কেন ভিআইপি পাশ দেওয়া হবে? ভক্তদের দেওয়া সোনা কেন গলানো হয়েছে? অশোকবাবু জবাবে বলেছিলেন, সোনা গলিয়ে মায়ের গয়না বানানো হয়েছে।