• মশারি কেটে ব্যবসায়ীকে খুন, পাশে শুয়ে জানতেই পারলেন না স্ত্রী? কালিয়াচকে রহস্য
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • এই সময়, মালদা: কালিয়াচক থানায় সুজাপুরে খুন হলেন এক ব্যবসায়ী। ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ওই ব্যবসায়ী মাথায় ধারালো অস্ত্র দিয়ে থেঁতলিয়ে খুন করা হয় বলে অভিযোগ। একই বিছানায় স্ত্রী ঘুমিয়ে থাকলেও এই ঘটনা টের পাননি বলে পুলিশকে জানিয়েছেন। মৃতের স্ত্রীর একের পর এক অসংলগ্ন কথাবার্তার জেরে তাঁকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকায়। মৃতের নাম রহিমুল শেখ (৩০)। তিনি পেশায় প্লাস্টিক ব্যবসায়ী এবং সুজাপুরের একটি ধর্মকাঁটায় ম্যানেজার ছিলেন। দু’বছর আগে মুস্তান খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল রহিমুলের। তাঁদের সাত মাসের এক কন্যাসন্তান রয়েছে।

    তদন্তে গিয়ে পুলিশ দেখতে পায়, মশারির একটি দিক একদম গোল ভাবে মাপ করে কাটা রয়েছে। আর বিছানার যেখানে দেহ পড়েছিল, তার পাশেই রয়েছে লোহার গ্রিল দেওয়া জানালা। আটক হওয়ার আগে মৃতের স্ত্রী মুস্তান বলেন, ‘ক্লান্ত অবস্থায় এসে ও খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। কারও সঙ্গে কথাও বলেননি। রাত সাড়ে বারোটার সময় স্বামীর চিৎকারে ধড়মড় করে উঠি। ঘরের লাইট জ্বালাতেই দেখি গোটা বিছানা রক্তে ভেসে গিয়েছে। আর পাশের জানালা দিয়ে তিনজন মোবাইলে আলো জ্বালিয়ে দেখছে। চিৎকার করতেই ওরা পালিয়ে যায়।’ মৃতের দাদা মহম্মদ বাবলু শেখ বলেন, ভাইকে কেন খুন করা হলো কিছুই বুঝতে পারছি না। ওর টাকা পয়সার তেমন অভাব ছিল না। সংসার এবং পাড়া প্রতিবেশী কারও সঙ্গে অশান্তিও ছিল না।’

    পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পিছনে মৃতের স্ত্রীর কোনও বিবাহ–বহির্ভূত সম্পর্কের যোগসূত্র রয়েছে। একজনকে খুন করা হচ্ছে আর পাশে নির্বিকারে স্ত্রী ঘুমিয়ে রয়েছে, সেটা ভাবাচ্ছে তদন্তকারীদের। মালদার পুলিশ সুপার অনুপম সিং বলেন, ‘সুজাপুরের এই খুনের বিষয়টি নিয়ে অনেক কিছুই আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অনুমান। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।’

  • Link to this news (এই সময়)