• সরকারি বাস থেকে পড়ে মহিলা যাত্রীর মৃত্যু, ভিড় ঠেলে উঠতে গিয়েই দুর্ঘটনা?
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • এই সময়, রায়গঞ্জ: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) শিলিগুড়িগামী একটি চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হলো এক মহিলা যাত্রীর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বারদুয়ারি এলাকার ১২নং জাতীয় সড়কে। মৃতার নাম রীনা দাস (৫৯)। বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার মারিঙ্গা এলাকায়। রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় তাঁদের অন্য একটি বাড়িতে এসেছিলেন ওই মহিলা।

    মঙ্গলবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকা থেকে মালদা থেকে শিলিগুড়িগামী এনবিএসটিসির একটি বাসে ওঠেন তিনি। জানা গিয়েছে, গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল। কন্ডাক্টর তাঁকে এই ভিড়ে উঠতে না করেন। কিন্তু সে কথা না শুনেই রীনা বাসে উঠে পড়েন। ভিড়ের চাপে দরজার সামনেই দাঁড়িয়েছিলেন মহিলা। বারদুয়ারি এলাকায় ১২ নং জাতীয় সড়কে উঠে বাসটি টার্ন নেওয়ার সময় রীনা ছিটকে রাস্তায় পড়ে যান। রাস্তার ধারে থাকা ডিভাইডারে মাথায় চোট পান তিনি। তাঁকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

    মৃতার পরিবারের অভিযোগ বাসকর্মীদের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁর ছেলে প্রশান্ত দাস বলেন, ‘মা সরকারি বাসে উঠে পূর্ণিয়া যাচ্ছিলেন। বারোদুয়ারী এলাকায় বাসটি টার্ন নেওয়ার সময় উনি দরজার দিয়ে বাইরে পড়েন। বাসকর্মীদের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কেন দরজা বন্ধ করা হয়নি? আমরা অভিযোগ জানাব।’

    ওয়াকিবহল মহলের মতে, সরকারি বাসে ফ্রি পরিষেবা চালু হওয়ার পর এনবিএসটিসিতে মহিলা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বড়েছে। ভিড় দেখেও মহিলারা বাসে উঠছেন। এক্ষেত্রেও রীনা ভিড়ে ঠাসা বাসে উঠে পড়েছিলেন। তার পরই এই মর্মান্তিক পরিণতি। এ বিষয়ে এনবিএসটিসির রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুমিত ভৌমিক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কাগজপত্রৃ– সহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এক্ষুণি কিছু বলা সম্ভব নয়।’

  • Link to this news (এই সময়)