• বীজপুরে ঝটকা মাংসের দোকান খুললেই মিলবে ১০,০০০ টাকা নগদ পুরস্কার! ঘোষণা বিধায়ক সুদীপ্ত দাসের
    News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
  • ঝটকা মাংসের দোকান খুললেই ১০ হাজার টাকা পুরস্কার দেবেন বিধায়ক! বীজপুরে বিধায়ক সুদীপ্ত দাসের এমন ঘোষণার পরই শুরু হয়েছে জোর চর্চা। এর আগেই ঝটকা মাংস খাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। এবার আরও একধাপ এগিয়ে বীজপুর বিধানসভা এলাকায় ঝটকা মাংসের দোকান বাড়াতেই অভিনব উদ্যোগের ঘোষণা করলেন স্থানীয় বিধায়ক। তাঁর ঘোষণা অনুযায়ী, বীজপুর বিধানসভা এলাকায় নতুন করে কেউ ঝটকা মাংসের দোকান খুললে বিধায়কের ব্যক্তিগত উদ্যোগে ওই দোকানদারকে ১০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা বা পুরস্কার দেওয়া হবে।

    এই ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়। বিধায়কের দাবি, বহু মানুষ ঝটকা পদ্ধতিতে কাটা মাংস কিনতে চান। কিন্তু বাজারে সেই ধরনের দোকানের সংখ্যা কম হওয়ায় অনেক ক্ষেত্রেই তাঁদের পছন্দের বিকল্প থাকে না। সেই কারণেই ঝটকা মাংসের দোকানের সংখ্যা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

    স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। ক্রেতাদের মতে, বাজারে হালাল পদ্ধতিতে কাটা খাসির মাংস ছাড়া, ঝটকা পদ্ধতিতে কাটা মাংস চাইলেও কিনতে পারেন না। খাদ্যাভ্যাস ব্যক্তিগত বিষয়, সে ক্ষেত্রে স্বাধীনতা থাকা প্রয়োজন। ঘোষণার পর ইতিমধ্যেই কয়েকজন ব্যবসায়ী ঝটকা মাংসের দোকান খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলেও স্থানীয় সূত্রের দাবি। হিন্দু ভাবাবেগ কে গুরুত্ব দিয়েই, এই মাংসের দোকান এলাকায় বাড়াতে বিধায়কের এই ভাবনা।

    বিধায়ক সুদীপ্ত দাস জানান, বাঙালিরা খাদ্য রসিক মানুষ তাই মাংস অত্যন্ত প্রিয়। কিন্তু আমরা দেখি এখানে ঝটকা পদ্ধতিতে মাংস কাটার কোন দোকান নেই। ফলে দুটোই থাকা উচিত। হালাল পদ্ধতিও যেমন থাকা উচিত পাশাপাশি ঝটকা পদ্ধতিতেও কাটা মাংস দোকানও থাকা উচিত। তাই ঝাটকা পদ্ধতিতে মাংস কাটার দোকান হোক সেই উৎসাহের জন্যই এমন ঘোষণা। বিধায়কের এই উদ্যোগ আগামী দিনে বীজপুরে কতটা সাড়া ফেলে এবং বাস্তবে কতগুলি নতুন ঝটকা মাংসের দোকান চালু হয়, সেদিকেই এখন নজর বাসিন্দাদের।
  • Link to this news (News18 বাংলা)