স্কুলে আসে না...বাড়িতে বসেই মাইনে নেয় শিক্ষকেরা! সরকারি স্কুলে ‘প্রক্সি টিচার’ বিতর্ক
News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
মুর্শিদাবাদের সরকারি স্কুলে ‘প্রক্সি শিক্ষক’ বিতর্ক! বেতনভুক শিক্ষক অনুপস্থিত, ক্লাস নিচ্ছেন গ্রামের বাসিন্দারা। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের বহড়ান জুনিয়র হাই স্কুলকে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগ, সরকারি বেতনভুক শিক্ষকরা নিয়মিত স্কুলে না এলেও হাজিরা খাতায় তাঁদের উপস্থিতির স্বাক্ষর রয়েছে। আর তাঁদের পরিবর্তে ক্লাস নিচ্ছেন গ্রামের কয়েকজন সাধারণ বাসিন্দা।
বিদ্যালয়ের প্রায় ৮০ জন ছাত্রছাত্রী নিয়ে চলা এই স্কুলে অনুমোদিত শিক্ষক রয়েছেন তিনজন। তবে স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষক অলোক কুমার পাল, শিক্ষিকা মিঠু বিশ্বাস এবং অতিথি শিক্ষক পরিমল নিয়মিত স্কুলে আসেন না। অথচ পড়াশোনা যাতে বন্ধ না হয়, সেই কারণে গ্রামের বলরাম মণ্ডল, জনার্দন সরকার এবং ইয়াসমিনারা খাতুন ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। অভিযোগ, তাঁরা মাসে প্রায় এক হাজার টাকা করে পারিশ্রমিক পান, যা সরকারি শিক্ষকরা নিজেদের বেতন থেকেই দেন। তবে, এই ঘটনা সামনে আসতেই হৈ চৈ পড়ে গিয়েছে জেলা বিদ্যালয় মহলে।
ইয়াসমিনারা খাতুন জানান, অঙ্কের শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীদের স্বার্থে তিনি পড়াচ্ছেন। অন্যদিকে জনার্দন সরকার বলেন, তিনি আগে অতিথি শিক্ষক ছিলেন এবং শিক্ষার্থীদের স্বার্থেই এই দায়িত্ব পালন করছেন। এদিকে অভিভাবকদের অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি নজরদারির অভাব এবং শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
এই ঘটনাকে ঘিরে সরকারি স্কুলে শিক্ষক উপস্থিতি, শিক্ষার মান এবং প্রশাসনিক নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। যদিও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে বিষয়টি কেন এমন হচ্ছে তা খোঁজ নিয়ে দেখা হবে।