• 'রথযাত্রা এর আগেও হয়েছে, কিন্তু...', সিয়ারশোল রাজবাড়ীর ১৯০ বছরের রথের সূচনা করে বললেন অগ্নিমিত্রা
    News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
  • রথযাত্রার শুভক্ষণে আসানসোলের রানীগঞ্জের সিয়ারশোল রাজবাড়ীর ১৯০ বছরের রথ টেনে শুভ সুচনা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও মন্ত্রী অজয় পোদ্দার। মানুষের ঢল নামল রাজবাড়ী চত্বরে। মহাসমারোহে শুরু হল আসানসোলের সিয়ারসোল রাজবাড়ির ঐতিহাসিক রথযাত্রা।

    এদিন উৎসবের উদ্বোধন করে অগ্নিমিত্রা পাল বলেন, “রথযাত্রা এর আগেও হয়েছে। কিন্তু মানুষ ভয়ের পরিবেশে ছিল। আজকে নতুন সরকার আসার পর, ভয়হীন ভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উৎসাহে উৎসবে মেতেছেন সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ভয় আউট, ভরসা ইন। আজ সেই মেজাজেই পালিত হচ্ছে রথযাত্রা। দামোদর চন্দ্র জিয়ুয়ের আশীর্বাদে সকলের ভাল হোক চাই।”

    আরও পড়ুন: বন্দে ভারতে ভ্রমণের প্ল্যান কষছেন…? বিখ্যাত এই ট্রেনের ১২ দুর্ধর্ষ ‘ফিচার্স’ জানেন? নিমেষে প্রেমে পরে যাবেন, গ্যারান্টি

    ​শিল্পাঞ্চলের প্রাচীন ঐতিহ্যকে সাক্ষী রেখেই ধুমধামের সঙ্গে শুরু হল সিয়ারসোল রাজবাড়ির ঐতিহাসিক রথযাত্রা। ১৮৩৬ সালে জমিদার গোবিন্দপ্রসাদ পণ্ডিতের উদ্যোগে শুরু হওয়া এই রথযাত্রা ঘিরে মানুষের আবেগ চোখে পড়ার মতো। সকাল থেকেই নেমেছে মানুষের ঢল। ১৯২২ সালে মাহেশের আদলে তৈরি ৩৫ ফুট উঁচু পিতলের এই ঐতিহ্যবাহী রথে আসীন হন মালিয়া পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিউ।

    আরও পড়ুন: চোখ সরাতে পাবেন না হিংসুকরাও…! রাতে ঘুমানোর আগে ৩ ‘জিনিস’ এইভাবে মুখে মাখুন, সকালে দেখুন আসল তফাৎ

    নতুন রাজবাড়ি থেকে ৫০০ মিটার দূরে পুরনো রাজবাড়ি পর্যন্ত রথ টেনে নিয়ে যান অগণিত পুণ্যার্থী। রাজবাড়ির পাশাপাশি বর্তমানে এই উৎসবের সামগ্রিক পরিচালনায় রয়েছে সিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। রথযাত্রা উপলক্ষে এলাকায় বসেছে প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা। আগামী কয়েকদিন ধরে চলবে রথযাত্রার উৎসব। নবম দিনে সাঙ্গ হবে এই উৎসব, উদযাপিত হবে উল্টোরথ।

    এদিকে বাংলার জেলায় জেলায় যেমন রথযাত্রার উৎসবে মেতেছেন মানুষ, ঠিক তেমনই দেশ জুড়ে আজ পালিত হচ্ছে রথ। মাহেশ থেকে মহিষাদল, ইস্কন, সর্বত্রই উৎসবের মেজাজে মানুষ পথে নেমেছেন জগন্নাথ-বলরাম-সুভদ্রার সঙ্গে।

    পুরীতে আজ মহা ধুমধামের সঙ্গে ধর্মীয় উৎসাহ-আবেগের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র পুরী রথযাত্রা। ভগবান জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা এবং সুদর্শন তাঁদের নিজ নিজ রথে চড়ে বার্ষিক গুণ্ডিচা মন্দির যাত্রা শুরু করবেন আর কিছুক্ষণেই। একটানা ভারী বৃষ্টি অব্যাহত থাকলেও রথযাত্রার শোভাযাত্রা দেখতে ইতিমধ্যেই হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে ওড়িশা রাজ্য সরকারও ব্যাপক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। শুরু হয়ে গিয়েছে দিনের আচার-অনুষ্ঠান। সবমিলিয়ে সর্বত্রই আজ দেশ জুড়ে উৎসবের মেজাজ।

    দীপক শর্মা
  • Link to this news (News18 বাংলা)