• হরমুজ় পেরোনো কোনও জাহাজেই ভারতীয় নাবিকদের নিয়োগ করা যাবে না, কড়া নির্দেশ কেন্দ্রের
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • সম্প্রতি ওমান উপকূলের কাছে হরমুজ় প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় এক নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে কড়া পদক্ষেপ করল নয়াদিল্লি। বুধবার গভীর রাতে ‘ডাইরেক্টরেট জেনারেল অফ শিপিং’ (ডিজিএমএ) থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ করা যাবে না। ভারতীয় জাহাজ মালিক, ব্যবস্থাপক এবং নিয়োগকারী সংস্থাগুলির উদ্দেশে এই নির্দেশিকা জারি হয়েছে।

    ডিজিএমএ বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় নাবিকদের সুরক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকেও কড়া নজর রেখেছে তারা। যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের জন্য IFC-IOR এবং ডিজি কমিউনিকেশন সেন্টারের সঙ্গে সমন্বয় রেখে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, জাহাজ সংস্থাগুলিও যাতে সব রকম নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে চলে, সেই নির্দেশও দিয়েছে ডিজিএমএ।

    গত রবিবার ওমান উপকূলের কাছে হরমুজ় প্রণালীতে আক্রান্ত হয় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ জিএফএস গ্যালাক্সি। ওই জাহাজে ছিলেন ভারতীয় নাবিক হেরম্ব কর্মকার। হামলার সময়ে তিনি তাঁর পরিবারের লোকজনকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে জানান, তাঁদের জাহাজ হরমুজ় প্রণালীর বিপজ্জনক জায়গা নিরাপদে পার হয়েছে। কিন্তু তার পর থেকে ওই নাবিকের সঙ্গে কেউ আর যোগাযোগ করতে পারেননি। জাহাজের ১০ জন কর্মীকে উদ্ধার করা গেলেও ৩০ বছর বয়সি ওই ভারতীয় নাগরিকের খোঁজ মেলেনি। বুধবার তাঁর পরিবার জানিয়েছে, ইরানের বাহিনীর আক্রমণে মৃত্যু হয় ওই নাবিকের। তাঁর মরদেহ দেশে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যেরা। রবিবারের হামলা নিয়ে ইতিমধ্যেই তেহরানকে কড়া বার্তা দিয়েছে দিল্লি। যদিও তাতে এখনও পর্যন্ত অবস্থার উন্নতি হয়নি। গত মঙ্গলবারও হরমুজ় প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির তেলবাহী দু’টি জাহাজে আক্রমণ চালিয়েছে ইরান।

  • Link to this news (এই সময়)