• উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করল কমিশন!
    আজকাল | ১৬ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহখানেক আগেই উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের কথা ঘোষণা করেছিল স্কুল সার্ভিস কমিশন। জানিয়েছিল, আগামী ২১ জুলাই থেকে শুরু হবে কাউন্সেলিং। উচ্চ প্রাথমিকে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কাটিয়ে অবশেষে অপেক্ষারত ১,১৭৭ জনের কাউন্সেলিং শুরু হওয়ার কথা। সেই কাউন্সেলিংয়েরই দিনক্ষণ প্রকাশ করল কমিশন। জানানো হয়েছে কাউন্সেলিংয়ের স্থানও।

    কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ জুলাই থেকে শুরু শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া। কাউন্সেলিং চলবে ৩০ জুলাই পর্যন্ত। বিধাননগরের আচার্য সদনেই আয়োজন করা হবে কাউন্সেলিংয়ের। প্রার্থীদের ওই দিন সকাল সাড়ে ১০টায় সেখানে গিয়ে রিপোর্টিং করতে হবে।

    কোন দিন কোন বিষয়ের কাউন্সেলিং?

    ২১ জুলাই -ইংরেজি ভাষা।

    ২২ জুলাই- বায়ো সায়েন্স, পিওর সায়েন্স।

    ২৩ জুলাই-আরবি, উর্দু, সংস্কৃত।

    ২৪ জুলাই-ইতিহাস, হিন্দি।

    ২৭ ও ২৮ জুলাই-বাংলা।

    ২৯ ও ৩০ জুলাই-ভূগোল।

    কমিশনের তরফে জানানো হয়েছে যে, আগামী ১৭ জুলাই কাউন্সেলিং সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা এবং শূন্যপদের তালিকাও জানানো হবে।কমিশনের নিজস্ব ওয়েবসাইটেই সেই তথ্য প্রকাশ করা হবে। ১১৭৭ জন প্রার্থী ১৭ জুলাই থেকেই কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকেই কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার সংগ্রহ করতে পারবেন।

    উল্লেখ্য, আদালতের নির্দেশে ২০২৪ উত্তীর্ণ উচ্চ প্রাথমিকের প্রার্থীদের ২০২৫ অগস্ট পর্যন্ত ৮ দফা কাউন্সেলিং হয়। তার পরই ২০১৬-র প্যানেলের মেধাতালিকায় থাকা প্রার্থীদের কাউন্সেলিং শুরু করা হয়। কিন্তু সব শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ হয়নি নানা আইনি জটিলতার কারণে। বাকি ছিল ১,২৪১ জনের নিয়োগ। গত জুন মাসে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের গরিমসিতে ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি। কমিশনের গাফিলতিতেই উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর নিয়োগ থমকে বলে জানায় আদালত। কলকাতা হাইকোর্ট বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি সেই নির্দেশ যথাযথ ভাবে পালন না করায় ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি।

    এর পর ৭ জুলাই কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করে কমিশন। জানানো হয়, ২১ জুলাই ১১৭৭ জন প্রার্থীর নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে। তবে এখন বাকি ৬৪ জনের নিয়োগের কাউন্সেলিং স্থগিত রাখা হয়েছে। জানা গিয়েছে, শীঘ্রই ওই শূন্যপদগুলিতেও কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি করবে কমিশন।

     
  • Link to this news (আজকাল)