আজকাল ওয়েবডেস্কঃ আজ পবিত্র রথযাত্রা উপলক্ষে পূর্ব মেদিনীপুরের দিঘার জগন্নাথ মন্দিরে সকাল থেকেই উৎসবের আবহ। মঙ্গল আরতি, বিশেষ পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ভক্ত মন্দির প্রাঙ্গণে ভিড় জমান শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন এবং রথ টানার জন্য। দিঘা জগন্নাথ কালচারাল সেন্টারের মূল ফটকের সামনে অবধি প্রায় এক কিলোমিটার গুন্ডিচা মাসির বাড়ি পর্যন্ত থেকে রথ গড়াবে।
নির্ধারিত সময়ে দেবতাদের পাহান্ডি বিজয়ের মাধ্যমে রথে আরোহণ করানো হয়। সকাল ১১টায় রথে জগন্নাথ দেব বলভদ্রদেব ও সুভদ্রা দেবী রথে আরোহণের পর বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি, ঘণ্টা ও উলুধ্বনির মধ্যে শুরু হয় রথযাত্রা। ভক্তরা রশি ধরে টান দেওয়ার অপেক্ষায় সময় গুনছেন। মহাপ্রভুর রথের চাকা বিকেল তিনটায় গড়াবে। উদ্বোধন করবেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির কুমার অধিকারী। জয় জগন্নাথ ধ্বনিতে মুখর হয়ে ওঠবে গোটা এলাকা।
রথযাত্রাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয় মন্দির চত্বর ও রথযাত্রার পুরো পথে। ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা, চিকিৎসা শিবির, পানীয় জল এবং জরুরি পরিষেবারও ব্যবস্থা রাখা হয়েছে।রথযাত্রা উপলক্ষে দিঘায় পর্যটকদের উপস্থিতিও উল্লেখযোগ্য। ধর্মীয় উৎসবের পাশাপাশি সমুদ্রসৈকত এলাকায় বাড়তি ভিড় লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছরের রথযাত্রা সম্পন্ন করতে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।