• ২৫০ বছরের ঐতিহ্যের সাক্ষী মহিষাদলের রথযাত্রা
    আজকাল | ১৬ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় ২৫০ বছরের ঐতিহ্যকে বুকে নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে মহিষাদল রাজবাড়ির ঐতিহাসিক রথযাত্রা। সকাল ১১টা নাগাদ রথে আরোহন করেন জগন্নাথদেব, মহিষাদল রাজ পরিবারের কুলদেবতা মদন গোপাল জিউ এবং শালগ্রাম শিলা। এই রথযাত্রার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল, এখানে জগন্নাথদেবের সঙ্গে বলভদ্র ও সুভদ্রা রথে আরোহন করেন না, যা ভারতবর্ষে এক অনন্য প্রথা।

    মহিষাদলের এই ১৩ চূড়াবিশিষ্ট প্রায় ৭০ ফুট উচ্চতার কাঠের রথ দেশের মধ্যে বিরল। পুরীর রথযাত্রা ও হুগলির মাহেশের পর মহিষাদলের রথযাত্রা তার ঐতিহ্য ও প্রাচীনত্বের জন্য বিশেষভাবে পরিচিত।

    রথযাত্রাকে ঘিরে সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। বিকেল ৪টায় রথ গড়ানোর কথা রয়েছে। প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে গুণ্ডিচা বা মাসির বাড়ি পর্যন্ত যাবে এই রথ। রথের রশিতে টান দিতে সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন লক্ষাধিক ভক্ত। রীতি মেনে রথের রশিতে প্রথম টান দেবেন মহিষাদল রাজ পরিবারের বর্তমান সদস্য হরপ্রসাদ গর্গ। এরপরই শুরু হবে রথযাত্রা।

    রথযাত্রাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনিক আধিকারিক। রাজ্য সরকারের পক্ষ থেকে এই রথ পরিচালনার জন্য পাঁচ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

    উল্লেখ্য, প্রায় ২৫০ বছর আগে মহিষাদল রাজ পরিবারের তৎকালীন রানি জানকি দেবী এই রথযাত্রার সূচনা করেছিলেন। সেই ঐতিহ্য আজও সমান মর্যাদায় বহন করে চলেছে মহিষাদল রাজবাড়ির এই ঐতিহাসিক রথযাত্রা।
  • Link to this news (আজকাল)