• জোকার হোটেলে রাতভর ধর্ষণ করে নগ্ন অবস্থায় বারান্দায়, তদন্তে বাঁশদ্রোণী থানা
    আজ তক | ১৬ জুলাই ২০২৬
  • সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে শুরু হওয়া বন্ধুত্বের পর এক যুবকের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং ব্ল্যাকমেলের অভিযোগ তুলেছেন এক যুবতী। অভিযোগ, শহরের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁকে বারবার ধর্ষণ করা হয়েছে। সর্বশেষ জোকার একটি হোটেলে সারারাত যৌন নির্যাতনের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত যুবকের সঙ্গে ওই মহিলার পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে। লকডাউনের সময় নিয়মিত যোগাযোগ ছিল দু'জনের।

    অভিযোগ, ২০২১ সাল থেকে বেড়াতে যাওয়ার নাম করে অভিযুক্ত যুবক তাঁকে শহরের বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। সেখানকার হোটেলে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, নির্যাতনের সময় যুবতীর অশ্লীল ছবি ও ভিডিওও গোপনে তুলে রাখা হয়।

    মহিলার অভিযোগ, সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্ত একাধিকবার তাঁকে ব্ল্যাকমেল করে এবং বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। প্রতিবাদ করলেই প্রাণনাশ-সহ নানা ধরনের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ।

    অভিযোগকারিণীর দাবি, দীর্ঘদিন ধরে ভয় ও সামাজিক লজ্জার কারণে তিনি বিষয়টি পরিবারের কাউকে জানাতে পারেননি। সম্প্রতি জোকা এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে অভিযুক্ত সারারাত তাঁর ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। এমনকি তাঁকে বিবস্ত্র অবস্থায় হোটেলের ঘরের বাইরে বারান্দায় যেতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

    পরদিন সকালে কোনওমতে হোটেল থেকে বেরিয়ে বাড়ি ফেরেন ওই মহিলা। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের সব ঘটনা জানান। এরপর তাঁদের সহায়তায় তিনি মেটিয়াবুরুজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় এবং ঘটনার সূত্রপাতও ওই এলাকায় হওয়ায় মেটিয়াবুরুজ থানায় জিরো এফআইআর নথিভুক্ত করে প্রাথমিক তদন্তের পর মামলাটি বাঁশদ্রোণী থানায় পাঠানো হয়েছে।

    বাঁশদ্রোণী থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তদন্তকারীরা অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করছেন।

     
  • Link to this news (আজ তক)