• ‘পিএম শ্রী’ প্রকল্পের আওতায় স্কুল পিছু ২৫ লাখ! রাজ্যে চিহ্নিত ১২ হাজার ৩০০ স্কুল
    প্রতিদিন | ১৬ জুলাই ২০২৬
  • রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে উন্নত পরিকাঠামো ও পড়াশোনার মানোন্নয়নে এবার বড় পরিকল্পনা রাজ্য সরকারের। ‘পিএম শ্রী’ (PM SHRI Scheme) প্রকল্পের আওতায় স্কুল প্রতি সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ২৩ জেলায় শুরু স্কুল চিহ্নিতকরণের কাজ। এখনও পর্যন্ত মোট ১২ হাজার ৩০০ টি স্কুল চিহ্নিত করে শিক্ষার ভোল বদলের নীল নকশা তৈরি করা হয়েছে।

    সরকারের জেলাভিত্তিক তালিকা বলছে, এই প্রকল্পে সবচেয়ে বেশি গুরুত্ব দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলার ১ হাজার ৬৬১ স্কুল বেছে নেওয়া হয়েছে। এর পরের জায়গাতেই রয়েছে উত্তর ২৪ পরগনার ১ হাজার ৩৮২ স্কুল এবং মুর্শিদাবাদের ১ হাজার ৭৫ টি স্কুল চিহ্নিত করে ‘পিএম শ্রী’ প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ যায়নি রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্লাসরুম, ল্যাবরেটরি বা পরীক্ষাগার আধুনিকীকরণ সহ সর্বোপরি রাজ্যের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের করে তুলতে স্কুলের প্রতিটি অংশকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার।

    তৃণমূল সরকারের আমলে সরকারি স্কুলের পঠনপাঠনে একাধিক প্রশ্ন ছিল। সম্প্রতি সরকারি স্কুলগুলোর উদ্বেগের ছবি সামনে আসে। ১ বছরের ব্যবধানে রাজ্য থেকে প্রায় ১ হাজার সরকারি স্কুল কার্যত গায়েব হয়ে গিয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেখানে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৯৩ হাজার ৭১৫টি, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পড়ুয়াযুক্ত সরকারি স্কুলের সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে মাত্র ৯২ হাজার ৮০০-তে। অর্থাৎ, মাত্র এক বছরেই ৯১৫টি সরকারি স্কুল বন্ধ হয়েছে। এবার পালাবদলের পর সরকারি স্কুলগুলির খোলনোলচে বদলে ফেলতে শুভেন্দু-সরকারের বড় পরিকল্পনা।
  • Link to this news (প্রতিদিন)