রাস্তা ঝাট দিয়ে কলকাতা ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
প্রতিদিন | ১৬ জুলাই ২০২৬
রথযাত্রার রীতি মেনে ঝাট দিয়ে কলকাতা ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ইসকনের রথযাত্রায় উপস্থিত থেকে পুজোয় অংশগ্রহণ করলেন। বললেন, “রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি ধন্য।” পাশাপাশি ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া নিয়ে বললেন, “অন্যান্য রাজ্যে ইসকন এই দায়িত্ব পালন করছে। ১ আগস্ট থেকে স্কুলে মিড-ডে মিল দেবে ইসকন।” আগামীতে ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের সঙ্গেও রাজ্য সরকার কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষ্যে সকাল থেকেই ভিড় কলকাতা ইসকনে। নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। সকলের সঙ্গে কথা বলার পর পুজোয় অংশগ্রহণ করেন তিনি। তারপরই রীতিমেনে ঝাট দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রথের দড়িতেও টান দেন মুখ্যমন্ত্রী।
জগন্নাথদেবকে সাষ্টাঙ্গ প্রণাম করতেও দেখা যায় তাঁকে। এ দিন রথযাত্রায় উপস্থিত থেকে তিনি বলেন, “অশুভর বিরুদ্ধে শুভর লড়াই চলুক প্রার্থনা করব।” এরপরই তিনি বলেন, “আপনারা জানলে খুশি হবেন ইসকনের সঙ্গে রাজ্য সরকার যৌথ ভাবে কাজ শুরু করেছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা মহানগরে ১ আগস্ট থেকে এই কাজ করবে। আমরা ইসকন, ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের সঙ্গে কাজ করব। এই রথযাত্রা শুভ হোক।”