• দলের আয় ৩ কোটি থেকে নেমে ৪০ লক্ষ হয়েছে! ‘সব জানতেন মমতা’, বিস্ফোরক অভিযোগে ফের সরব অনুব্রত
    News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
  • রথযাত্রার দিনও বিতর্কিত মন্তব্য থেকে সরে এলেন না বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুরে নিজের বাড়িতে ঐতিহ্য মেনে রথ টানার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালীঘাট তৃণমূল’ ছেড়ে ‘ঋতব্রত তৃণমূলের’ হাত ধরেছেন অনুব্রত মণ্ডল। গতকালের নব তৃণমূলের সভায় করা মন্তব্যেরই পুনরাবৃত্তি করে অনুব্রত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চোখ দিয়ে নয়, কান দিয়ে দেখতেন।” তাঁর দাবি, দলের বর্তমান পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায় নিতে হবে।

    এদিন অনুব্রত মণ্ডল আরও দাবি করেন, একসময় বীরভূম জেলা থেকে দলের জন্য বছরে প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকা রাজস্ব আসত। বর্তমানে সেই অঙ্ক নেমে এসেছে প্রায় ৪০ লক্ষ টাকায়। কেন এত বড় আর্থিক পতন ঘটল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    তাঁর কথায়, “সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। জেনেও তিনি কেন চুপ ছিলেন?” এই মন্তব্যের মাধ্যমে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা দেন অনুব্রত।

    ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি এদিনও সাংগঠনিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে সরব হন তিনি। গত কয়েকদিন ধরে দলের নেতৃত্বকে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডলের ধারাবাহিক মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে জোর রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। রথযাত্রার দিনেও তাঁর একই সুর বজায় থাকায় সেই বিতর্ক আরও উসকে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

    কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে অনুব্রত বলেন, ‘‘শুভেন্দু খুব লড়াকু ছেলে৷ তৃণমূল থেকে নন্দীগ্রামে লড়াই করেছে৷ শুভেন্দু আমার জুনিয়র হতে পারে, কিন্তু পটু ছেলে৷ শুভেন্দুকে ৫ টা জেলার পর্যবেক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় এমনি করেননি৷ কাজের দৌলতেই করেছে৷’’
  • Link to this news (News18 বাংলা)