• পুরীতে রথযাত্রায় ফের বিপর্যয়, পদপিষ্টের মতো পরিস্থিতিতে অসুস্থ কমপক্ষে ২০০ পুণ্যার্থী, মৃত ১
    এই সময় | ১৬ জুলাই ২০২৬
  • ২০২৫-এর স্মৃতি উস্কে পুরীর রথযাত্রায় ফের বিপর্যয়। বৃহস্পতিবার দুপুরে ভিড়ের চাপে অন্তত ২০০ জন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওডিশার স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

    ওডিশার পুরীতে জগন্নাথের ঐতিহাসিক রথযাত্রায় সামিল হতে হাজির হন লক্ষ লক্ষ ভক্ত। পুরী মন্দির থেকে বের হওয়া রথের রশি ছুঁতে দেশের নানা প্রান্ত, এমনকি বিদেশ থেকেও পুরীতে আসেন বহু পুণ্যার্থী। গত বছরের বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার প্রশাসনের তরফে ছিল পর্যাপ্ত ও বাড়তি সতর্কতা। তবুও এড়ানো গেল না বিপত্তি। ভিড়ে ঠেলাঠেলির কারণে দুপুরেই ৩৩ জন ভক্তের অসুস্থ হয়ে পড়ার খবর এসেছিল। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানোয় কোনও বিপদ ঘটেনি। কিন্তু বিকেল গড়াতেই বাড়ে আরও ভিড়। আর তাতেই তৈরি হয় পদপিষ্টের মতো পরিস্থিতি।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রথ টানার সময়ে বিপুল জনসমাগমের কারণে কয়েকটি জায়গায় মাত্রাছাড়া ভিড় হয়। মারাত্মক ভিড়ের কারণে শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। বাকি অন্তত ২০০ জন হাসপাতালে চিকিৎসাধীন।

    স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি পুণ্যার্থীদের মধ্যে বেশিরভাগই শ্বাসকষ্ট, অতিরিক্ত ক্লান্তি, ডিহাইড্রেশন এবং ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল-সহ একাধিক মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে, তবে বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    ঘটনার পর ওড়িশা প্রশাসন ভক্তদের শান্ত থাকার এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছে। বিশেষত, রথের দড়ির কাছাকাছি অতিরিক্ত ভিড় না করার, অসুস্থ বোধ করলে দ্রুত মেডিক্যাল ক্যাম্পে যাওয়ার এবং শিশু ও প্রবীণদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে দাবি ওডিশা প্রশাসনের।

    গত বছর পুরীর মন্দির থেকে রথ গুণ্ডিচা মন্দিরে পৌঁছনোর সময়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। হুড়মুড়িয়ে ভক্তরা রথের দিকে ছুটে যায়। ধাক্কাধাক্কিতে পড়ে যায় ব্যারিকেড। পদপিষ্ট হন অনেকে। তাতে চারজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৫০ জন।

  • Link to this news (এই সময়)