সৌমেন রায়চৌধুরী
বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বিশেষ গুরুত্ব পাচ্ছে গণপরিবহণ ব্যবস্থা। নতুন বাসরুট পাচ্ছে জেলাগুলি। বুধবার থেকে চালু হলো বেড়াচাঁপা গড় থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত বেসরকারি বাসের নতুন রুট, প্রায় ৬২ কিলোমিটার রাস্তা। সময় লাগবে মোটামুটি সাড়ে ৩ ঘণ্টা। প্রতিদিন বাস চলবে এই রুটে। তিন-চারটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, গুরুত্বপূর্ণ রেল স্টেশন ছুঁয়ে যাবে এই বাস রুট। তবে এই বাসের সব থেকে বড় চমক হলো, অসুস্থ রোগীরা বিনা খরচে বাসে যাতায়াত করতে পারবেন।
সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াতের ঘোষণা আগেই করেছে সরকার। তার সুবিধা পাচ্ছেন মহিলা যাত্রীরা। কিন্তু বেসরকারি বাসে এ ভাবে বিনা খরচে যাতায়াতের সুবিধার ঘোষণা এর আগে কখনও শোনা যায়নি। অসুস্থ যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, হাড়োয়া, বাদুড়িয়া, বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কলকাতার বিভিন্ন হাসপাতালে এবং হাওড়া স্টেশনে যাতায়াতের জন্য এতদিন সরাসরি কোনও বাস রুট ছিল না। তিন চারটি বাস বদল করে কলকাতার বিভিন্ন হাসপাতালে পৌঁছতেন এলাকার লোকজন। এই বাসরুট চালু হওয়ায় তাঁদের বিশেষ উপকার হবে। এর আগে এ রকম কোনও বাসের রুট না থাকায় ট্রেনই ছিল ভরসা। শিয়ালদহে নেমে বিভিন্ন বাসে চেপে অথবা তিন চারটি বাস বদল করে কলকাতার বিভিন্ন হাসপাতালে পৌঁছতে হতো তাঁদের।
শেষ পর্যন্ত এলাকার মানুষের এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন নতুন রুটের বাস মালিকরা। তাঁদের উদ্যোগে এই বাসরুট অনুমোদন পেয়েছে। বাসের মালিক কামাল উদ্দিন বলেন, ‘কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তিন-চার বার বাস বদলাতে হতো। এই বাস রুট চালু হওয়ায় এলাকার গরিব মানুষেরা উপকৃত হবেন। তাঁরা এক বাসেই কলকাতার শিশু হাসপাতাল, বেলেঘাটা আইডি, এনআরএস বা পিজি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য যেতে পারবেন। হাওড়ার সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত মানুষ এই পরিষেবা পাবেন।’
এই বাস কার্তিকপুর, দেগঙ্গা, গোলাবাড়ি, সন্ডালিয়া স্টেশন, আমিনপুর, খড়িবাড়ি, কামদুনি, কৃষ্ণমাটি, লাঙ্গলপোতা, রাজারহাট চৌমাথা, রেকজুয়ানি, ডিরোজিও কলেজ, কালীপার্ক, চিনারপার্ক, লোকনাথ মন্দির, জোড়া মন্দির, বাগুইআটি, কেষ্টপুর, দমদম পার্ক, লেকটাউন, উল্টোডাঙা, কাঁকুড়গাছি, ফুলবাগান, সিআইটি মোড়, আলোছায়া, খালপোল, বরফকল, শিয়ালদহ স্টেশন, মল্লিকবাজার, রবীন্দ্রসদন, পিজি হাসপাতাল, দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন, বেলেপোল হয়ে সাঁতরাগাছি পৌঁছবে। বৃহস্পতিবার থেকে আপাতত ৫টি বাস চলাচল করবে প্রতিদিন।