Big Breaking: শুধু কলকাতা নয়, শীঘ্রই গোটা রাজ্যে স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব নেবে ইসকন। মেচেদায় ইসকনের রথযাত্রা উৎসবের সূচনায় গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘১ আগস্ট থেকে কলকাতায় চালু করছি। তার পরে নদিয়া, তার পরে রাজ্যের অন্যত্র করব। মিড-ডে মিল ইসকন খাওয়াবে।’ তিনি আরও বলেন, ‘সাধারণ ঘরের ছেলেমেয়েরা মিড-ডে মিল খায়। তাদের পৌষ্টিক আহার ইসকন দেবে।’
এর আগে বাজেটে রাজ্য সরকার জানিয়েছিল, কলকাতা কর্পোরেশন এলাকায় ইসকনের মাধ্যমে মিড-ডে মিল বিলি করা হবে। রাজ্যের বাকি এলাকায় যে ভাবে মিড-ডে মিল বিলি করা হয়, সে ভাবেই করা হবে বলে জানানো হয়েছিল। এর আগে দেশের অনেক রাজ্যেই মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব পালন করছে ইসকন। সেই ঘোষণা হওয়া মাত্র আলোচনা শুরু হয় মেনু নিয়ে। বাংলায় মিড-ডে মিলে ডিম দেওয়া হয়। ইসকন মিড-ডে মিল দিলে সেখানে নিরামিষ আহার থাকবে, তাহলে কি পড়ুয়ারা ডিম পাবে না? সেই প্রশ্ন ওঠে। অন্যদিকে ইসকন মিড-ডে মিল দিলে যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এতদিন এই কাজ করে আসছিল, তারা কী করবে, সেই প্রশ্নও ওঠে। যদিও বহু লোক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, ইসকনের মতো সংস্থা পড়ুয়াদের মিড-ডে মিল খাওয়ালে, খাবারের গুণমান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এই আবহেই বৃহস্পতিবার রথের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, শীঘ্রই গোটা রাজ্যের স্কুলেই মিড-ডে মিলের দায়িত্ব নেবে ইসকন।