• কলেজে বিজেপি নেতার উপস্থিতিতে বিক্ষুব্ধ এবিভিপি!
    আজকাল | ১৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলেজের অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উপস্থিতি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল রাজগঞ্জ কলেজ। এলাকার নতুন বিধায়ককে স্বাগত জানাতে ছাত্রছাত্রীদের উদ্যোগে এদিন একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতারাও 'সমাজসেবী' পরিচয়ে হাজির থাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

    শাসক দলের নেতাদের দাবি, আমন্ত্রিত হিসেবেই বিজেপি নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে এই যুক্তিতে কান দিতে নারাজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের সাফ প্রশ্ন, বিধায়কের সঙ্গে কেন অন্যান্য বিজেপি নেতারা শিক্ষাঙ্গনে প্রবেশ করবেন? কলেজের নিজস্ব অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের এই ‘অনধিকার প্রবেশ’ নিয়েই কলেজ গেটের সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান এবিভিপি-র কর্মী-সমর্থকেরা।

    পরবর্তীতে অনুষ্ঠান শেষ করে বিধায়ক বাইরে বেরোতেই তাঁর পথ আটকে দাঁড়ায় আন্দোলনকারী ছাত্ররা। কলেজকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত করার দাবি তুলে বিধায়কের সামনেই তাঁরা সজোরে স্লোগান দিতে থাকেন। অনভিপ্রেত এই পরিস্থিতিতে চূড়ান্ত অস্বস্তিতে পড়েন বিধায়ক। তবে এই বিক্ষোভ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি তিনি। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কলেজের অধ্যক্ষও।

    বিক্ষোভকারী ছাত্র সংগঠনের এক প্রতিনিধির কথায়, "আমরা স্পষ্ট করে দিতে চাই, এবিভিপি এবং বিজেপি সম্পূর্ণ আলাদা সত্ত্বা। আমরা শিক্ষাঙ্গনের ভেতরে এই নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই করছি। আজ সেই প্রতিবাদের কথাই বিধায়কের সামনে সপাটে তুলে ধরা হয়েছে।" ঘটনার জেরে কলেজ চত্বরে বেশ কিছুক্ষণ উত্তেজনা বজায় ছিল।
  • Link to this news (আজকাল)