• মুর্শিদাবাদে প্রকাশ্য দিবালোকে খুন
    আজকাল | ১৭ জুলাই ২০২৬
  • শ্রেয়সী পাল: প্রকাশ্য দিবালোকে অষ্টম শ্রেণীর পড়ুয়া এক কিশোরের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম রিপন শেখ (১৫)। তার বাড়ি চন্দ্রপাড়া গ্রামে। বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ  রিপনের বাড়ির কাছেই একটি ঘরে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।  কী কারনে এই খুন তা ধন্ধে ফেলেছে তদন্তকারীদের। পুলিশ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রিপনকে ধারালো কোনও অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,মৃত কিশোর সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। কিন্তু মানসিক কিছু সমস্যা থাকায় সে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেত না। 

    স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, রিপন শেখের মানসিক কিছু সমস্যা থাকায় সে দিনের বেশিরভাগ সময় বাড়িতে থাকতো না,বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। বৃহস্পতিবারও দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়ে রিপন একটি আম বাগানে ঘোরাঘুরি করছিল। বিকেল চারটে নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই আম বাগানের  মধ্যে একটি ছোট পরিত্যক্ত ঘরে রিপনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। 

    প্রকাশ্য দিবালোকে মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কিন্তু কী কারণে রিপনকে খুন করা হয়েছে তা নিয়ে  নিশ্চিত নয় তার পরিবারের লোক এবং পুলিশ। সুতি থানার এক আধিকারিক জানান, মৃত ওই কিশোরের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তা দেখে আমাদের অনুমান পুরনো আক্রোশ বা শত্রুতা থেকে তাকে খুন করা হয়ে থাকতে পারে। 

    ওই অধিকারী বলেন ,যদিও মৃতের পরিবারের লোক নির্দিষ্ট কোনও ব্যক্তির  সঙ্গে রিপনের শত্রুতার কথা এখনও জানাতে পারেনি। সুতি থানার পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ এবং আরও একাধিক পারিপার্শ্বিক প্রমাণ খতিয়ে দেখা শুরু করেছে। 

    মুক্তার শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "বেলা চারটে নাগাদ আমরা খবর পাই রিপন নামে ওই মানসিক ভারসাম্যহীন কিশোরের রক্তাক্ত দেহ আমবাগানের মধ্যে একটি ছোট্ট ঘরের কাছে পড়ে রয়েছে। কিন্তু কী কারণে ওই কিশোরকে খুন করা হয়েছে তা নিয়ে আমরা সকলেই ধন্ধে রয়েছি। যদিও প্রকাশ্য দিনের বেলায় কিশোরকে খুন করার ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।"
  • Link to this news (আজকাল)