রাজ্যের স্কুলগুলিতে তৈরি হবে কনটেন্ট ক্রিয়েটর ল্যাব
আজকাল | ১৭ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণের উপর জোর দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এবার রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’ চালুর উদ্যোগ নিল স্কুল শিক্ষা দপ্তর। সম্প্রতি জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে।
শিক্ষা দপ্তর সূত্রে খবর, আগামী পাঁচ বছরে প্রতি বছর এক লক্ষ পড়ুয়াকে ডিজিটাল কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়েলিটি সহ আধুনিক ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন বিষয় শেখানো হবে। ভবিষ্যতের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর।
তবে প্রকল্প চালুর আগে রাজ্যের স্কুলগুলির বর্তমান পরিকাঠামো খতিয়ে দেখা হবে। বিশেষ করে আইসিটি ও কম্পিউটার ল্যাবের অবস্থা, প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
এই উদ্দেশ্যে রাজ্যের সমস্ত স্কুলে একটি গুগল ফর্ম পাঠানো হয়েছে। ওই ফর্মে চাওয়া তথ্য আগামী ২২ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সেই তথ্যের ভিত্তিতেই কোন কোন স্কুলে প্রথম পর্যায়ে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব চালু করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।