মুর্শিদাবাদের আইসিডিএস সেন্টারে ঘর থেকে অদ্ভুত শব্দ! খুঁড়তেই উদ্ধার ৩০টি সাপ এবং ৩৫টি ডিম
News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
মুর্শিদাবাদের জলঙ্গির ফরাজীপাড়া ১১৪ নম্বর আইসিডিএস সেন্টারে চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয়দের দাবি, সেন্টারের ঘরের মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে প্রায় ৩০টি সাপ এবং ৩৫টি সাপের ডিম। এই ঘটনায় আতঙ্কে শিশুদের অভিভাবক ও গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের চরম গাফিলতির কারণেই এতদিন শিশুদের জীবন ঝুঁকির মুখে ছিল।
স্থানীয়দের দাবি, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে এই আইসিডিএস সেন্টার। কয়েকদিন আগে ঘরের ভিতরে সাপ ঘোরাফেরা করতে দেখা গেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু অভিযোগ, কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সেন্টারের কর্মীর দাবি, প্রায় সাত মাস আগে কর্মী বদলি হয়ে যাওয়ার পর থেকে রান্না থেকে শিশুদের দেখাশোনা—সব দায়িত্ব একাই সামলাচ্ছেন তিনি। তাঁর অভিযোগ, সাপের বিষয়টি জানিয়েও কোনও গুরুত্ব দেওয়া হয়নি।
এরপর স্থানীয়দের উদ্যোগে এক সাপুড়ির সহায়তায় ঘরের মাটি খোঁড়া হলে একের পর এক সাপ বেরিয়ে আসে। স্থানীয়দের দাবি, মোট ৩০টি সাপ ও ৩৫টি ডিম উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সীমান্তবর্তী জলঙ্গি এলাকায়।
সদ্য পটনার সমকুড়া গ্রামের একটি মাটির বাড়ি থেকে ৪০টিরও বেশি বিষধর সাপ উদ্ধার হয়। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনিতে সাপেরা মানুষের থেকে দূরে থাকতেই ভালবাসে! কিন্তু বর্ষায় ঝোপ-জঙ্গল জলে ভেসে যায়। কাজেই শুকনো জায়গা আর খাবারের খোঁজে বর্ষাকালে সাপ লোকালয়ে চলে আসে। এই সময় বাড়িতেও ঢুকে পড়ে সাপ। তাই বর্ষাকালে সাপ থেকে রক্ষা পেতে সতর্ক এবং সাবধানে থাকতে হবে।