• তোলা না দিলে ২০০ টাকা জরিমানা! অটোচালকদের অভিযোগে গ্রেফতার ইউনিয়নের সম্পাদক
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • অটোচালকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন আইএনটিটিইউসি পরিচালিত মালদহের ইংরেজবাজারের রথবাড়ি-কোতুয়ালি রুটের অটো ইউনিয়নের সম্পাদক দিপু পোদ্দার। বৃহস্পতিবার তাঁকে মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ।

    অটোচালকদের একাংশের অভিযোগের ভিত্তিতেই ইংরেজবাজার থানার পুলিশ এই পদক্ষেপ করেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রুটে চলাচলকারী অটোচালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে নেওয়া হতো। কয়েকজন চালক সেই টাকা দিতে অস্বীকার করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, মোট ৪৫ জন অটোচালককে প্রথমে সাময়িকভাবে সাসপেন্ড করা হয় এবং পরে ইউনিয়নে ফিরে কাজ করতে গেলে ২০০ টাকা করে জরিমানা দিতে বলা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অটোচালকদের একাংশ ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগকারী অটোচালক উজ্জ্বল তাঁতির দাবি, রাজ্য সরকার যেখানে তোলাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেছে, সেখানে ইউনিয়নের পক্ষ থেকে প্রতিদিন টাকা আদায় করা হচ্ছিল। তাই তাঁরা আইনের দ্বারস্থ হয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়নের সম্পাদক দিপু পোদ্দার। তাঁর দাবি, ইউনিয়নের কিছু বিরোধী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তুলেছেন।

    ঘটনা নিয়ে ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি বলেন, “কোনও ধরনের তোলাবাজি বরদাস্ত করা হবে না। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে, আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যালও বলেন, “যদি সত্যিই টাকা তোলা হয়ে থাকে, তবে তা অন্যায়। অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।”

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল। তদন্তের পর ইউনিয়নের সম্পাদক দিপু পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)