লাদাখের পরিবেশ রক্ষার দাবিতে কৃষ্ণনগরে প্রতীকী অনশন, পথে পরিবেশপ্রেমীরা
News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
লাদাখের পরিবেশ রক্ষা এবং সাংবিধানিক অধিকারের দাবিতে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের আন্দোলন দেশজুড়ে সাড়া ফেলেছে। এবার দিল্লির সেই প্রতিবাদের আঁচ এসে পৌঁছাল নদিয়ার কৃষ্ণনগরেও। সোনম ওয়াংচুকের সমর্থনে এবং তাঁর প্রতি সহমর্মিতা জানিয়ে আজ এক প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করলেন কৃষ্ণনগরের পরিবেশপ্রেমী ও সচেতন নাগরিকবৃন্দ।
কৃষ্ণনগর পৌরসভার মোড়ে আজ সকাল ১০টা থেকে এই অনশন কর্মসূচি শুরু হয়। সেখানে একটি ব্যানার টাঙিয়ে প্রতিবাদকারীরা অবস্থান বিক্ষোভে বসেন। ব্যানারটিতে পরিষ্কার লেখা রয়েছে—”শান্তিপূর্ণ অনশন, আমরা অনশনে বসছি।” এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন স্থানীয় পরিবেশকর্মী কৌশিক চৌধুরী সহ বেশ কয়েকজন পরিবেশ অনুরাগী।
অনশন চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিবেশকর্মী কৌশিক চৌধুরী জানান, এটি কোনও সাধারণ বা রাজনৈতিক বিক্ষোভ নয়। লাদাখের ভঙ্গুর পরিবেশ ও সংস্কৃতির রক্ষার্থে দিল্লির বুকে সোনম ওয়াংচুক যে ঐতিহাসিক অনশন আন্দোলন চালাচ্ছেন, এটি মূলত তারই সমর্থনে একটি প্রতীকী প্রতিবাদ।
কৌশিকবাবু বলেন, “সোনম ওয়াংচুক একজন প্রখ্যাত বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং পরিবেশবিদ। লাদাখের সুরক্ষায় তিনি নিজের জীবন বাজি রেখে অনশন করছেন। আমরা তাঁর এই লড়াইয়ের পাশে আছি। আমরা চাই না যে পরিবেশের জন্য লড়তে গিয়ে ওঁর মতো একজন মানুষের জীবনের কোনও ক্ষতি হোক। সরকারের উচিত অবিলম্বে ওঁর সঙ্গে আলোচনায় বসা এবং একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান সূত্র বের করা।”
প্রতিবাদকারীদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই অনশন আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা রঙ নেই। তাঁরা কেবলই সাধারণ নাগরিক এবং পরিবেশপ্রেমী হিসেবে সোনম ওয়াংচুকের এই লড়াইকে নৈতিক সমর্থন জানাতে এখানে সমবেত হয়েছেন। আজ সকাল ১০টায় শুরু হওয়া এই প্রতীকী অনশন কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবেশকর্মীদের দাবি, পরিবেশ রক্ষার এই লড়াইয়ে যদি সরকার ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে তাঁরা আরও বৃহত্তর এবং দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা তৈরি করবেন।
উল্লেখ্য, নিট কেলেঙ্কারির পরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২০ জুন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করে। তার আট দিন পরে ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক অনশন শুরু করেন। বৃহস্পতিবার তাঁর অনশনের ১৯তম দিন। বুধবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন ‘থ্রি ইডিয়টস’-খ্যাত সোনম। ভিডিয়োবার্তায় তিনি বলেন, “আমার শরীর ভাল নয়। তবে খুব খারাপও নয়। এমন অবস্থা নয় যে, দু’-চার দিনেই মরে যাব।”