• ১ আগস্ট থেকে কলকাতায় ইসকনের হাতে মিড-ডে মিল, ধাপে ধাপে রাজ্যজুড়েও দায়িত্ব
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিল প্রকল্পে বড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ইসকনের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, প্রথমে কলকাতা, তারপর নদিয়া এবং ধাপে ধাপে গোটা রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিল রান্না ও পরিবেশনের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে।

    মুখ্যমন্ত্রী বলেন, “১ অগাস্ট থেকে কলকাতায় চালু করছি। তার পরে নদিয়া, তার পরে রাজ্যের অন্যত্র করব। মিড-ডে মিল ইসকন খাওয়াবে।” তিনি আরও জানান, সাধারণ পরিবারের পড়ুয়ারাই মূলত মিড-ডে মিলের উপর নির্ভরশীল। তাই তাদের পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হচ্ছে।

    এর আগে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল, কলকাতা পুরসভা এলাকায় ইসকনের মাধ্যমে মিড-ডে মিল সরবরাহ করা হবে। তবে তখন রাজ্যের বাকি অংশে আগের ব্যবস্থাই বহাল থাকবে বলে জানানো হয়েছিল। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্পষ্ট হল, ভবিষ্যতে ধাপে ধাপে গোটা রাজ্যেই এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

    দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই ইসকন মিড-ডে মিল পরিচালনা করছে। পশ্চিমবঙ্গে এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, রাজ্যের স্কুলগুলিতে বর্তমানে মিড-ডে মিলে ডিম দেওয়া হয়। ইসকনের পরিচালিত রান্নায় নিরামিষ খাবার পরিবেশন করা হলে ডিম থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    তবে, অনেকের মত, ইসকনের মতো প্রতিষ্ঠানের হাতে মিড-ডে মিলের দায়িত্ব গেলে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি আরও ভালভাবে বজায় রাখা সম্ভব হবে। মেচেদার রথযাত্রার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের মিড-ডে মিল প্রকল্পে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)