এখানে গেলেই দুর্গাপুজোয় মিলবে বিনামূল্যে চারধাম ভ্রমণের সুযোগ, আজই লোকেশন সেভ করে রাখুন
News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
হিমালয়ের চারধাম এবার এই শহরেই! যেতে হবে না দূরপ্রান্তে। কেদার-বদ্রী থেকে গঙ্গোত্রী-যমুনোত্রী সব একসঙ্গে! চারধামের আবহে তৈরি হচ্ছে জলপাইগুড়ির নতুন আকর্ষণ। রথের দিনে থেকেই যেন দুর্গাপুজোর আমেজ শহর জুড়ে। জলপাইগুড়ি শহরের পাটকাটা কলোনি কালচারাল ক্লাব ও পাঠাগার এবারের শারদীয় দুর্গাপুজোয় আনতে চলেছে এক অভিনব চমক।
২০২৬ সালের পুজোর মূল ভাবনা রাখা হয়েছে ‘চারধাম’, যেখানে এক প্যান্ডেলের মধ্যেই দর্শনার্থীরা অনুভব করতে পারবেন দেশের চারটি বিখ্যাত তীর্থস্থান কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর আবহ। বৃহস্পতি বার রথ যাত্রার বিশেষ দিনে এই বিশেষ থিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুজো কমিটির সদস্যদের কথায়, উত্তরাখণ্ডের চারধামের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতেই এবারের পরিকল্পনা। শুধুমাত্র মন্দিরের প্রতিরূপ নয়, এরই সঙ্গে পাহাড়ি পরিবেশ, তুষারাবৃত শৃঙ্গ, নদীর উৎসস্থল এবং তীর্থযাত্রার আধ্যাত্মিক আবহ সবকিছুকেই সূক্ষ্মভাবে, নিখুঁত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে।
দর্শনার্থীরা যেন এক মুহূর্তের জন্য হলেও নিজেকে হিমালয়ের কোলে চারধামের যাত্রাপথে ভাবতে পারেন, সেই লক্ষ্যেই কাজ চলছে। বিধায়ক দীনেশ সরকার তিনি বলেন গ্রামবাংলায় এত বড় পুজো হয় না । ক্লাব উদ্যোগ নেওয়ার তো তাদের সাধুবাদ জানাই এবং তাদের এই থিম মানুষকে আকর্ষণ করবে এবং দর্শনার্থীদের ভীড় হবে। উদ্যোক্তাদের দাবি, ধর্মীয় অনুভূতি ও শিল্পকলার এক অপূর্ব মেলবন্ধন তৈরি হবে এবারের পুজোমণ্ডপে। প্রতিটি ধামের আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আলোকসজ্জা, শব্দপ্রক্ষেপণ এবং নকশার মাধ্যমে একটি জীবন্ত অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশেষ করে তরুণ প্রজন্ম ও পর্যটকদের কথা মাথায় রেখেই এই থিম নির্বাচন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও নতুনত্বের খোঁজে থাকা এই পুজো কমিটি ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। স্থানীয়দের পাশাপাশি বাইরের দর্শনার্থীরাও এই পুজো দেখতে ভিড় জমাবেন বলে আশা করছেন উদ্যোক্তারা।এবারের শারদোৎসবে জলপাইগুড়ির পাটকাটা কলোনির ‘চারধাম’ থিম যে শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য।