• যমজ সন্তান থাকলেও দ্বিতীয় প্রেগন্যান্সিতে মিলবে মাতৃত্বকালীন ছুটি, জানাল তেলঙ্গানা হাইকোর্ট
    এই সময় | ১৭ জুলাই ২০২৬
  • এই সময়: প্রথম বারের গর্ভাবস্থায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন বলে দ্বিতীয় বারের প্রেগন্যান্সিতে তাঁকে মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত করা যাবে না, জানিয়ে দিল তেলঙ্গানা হাইকোর্ট। তেলঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার সরকারি কলেজের অধ্যাপক, বছর পঁয়ত্রিশের জাদি স্বরূপা রানি তেলঙ্গানা হাইকোর্টে একটি মামলা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ২০২৩ সালে প্রথম বারের গর্ভাবস্থায় যমজ সন্তানের জন্ম দেন তিনি। ২০২৬–এর এপ্রিলে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হয়ে তিনি তৃতীয় সন্তানের জন্ম দেন, কিন্তু সেই বার কলেজ কর্তৃপক্ষ তাঁর ছুটির আবেদন নাকচ করেন।

    কলেজ কর্তৃপক্ষের বক্তব্য ছিল, সরকারের ‘দুই সন্তান নীতি’ অনুযায়ী, দু’টি জীবিত সন্তানের ক্ষেত্রে মা মাতৃত্বকালীন ছুটি পাবেন। এক্ষেত্রে যেহেতু তৃতীয় সন্তান হয়েছে, ফলে মাতৃত্বকালীন ছুটি পাবেন না স্বরূপা। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্বরূপার আইনজীবী গাট্টু বিনয় কুমার বলেন, যমজ সন্তানের জন্ম একটা বায়োলজিক্যাল ব্যাপার, সেটা স্বরূপার নিয়ন্ত্রণে ছিল না। সেক্ষেত্রে দ্বিতীয়বার প্রেগন্যান্সিতে তাঁকে মাতৃত্বকালীন ছুটি না দেওয়া মৌলিক অধিকারের বিরোধী।

    কলেজ কর্তৃপক্ষের অনড় অবস্থানের প্রেক্ষিতে বিচারপতি কে শরৎ বলেন, ‘এটা নিয়মের বিষয় নয়, মানবিকতার বিষয়। মাতৃত্বকালীন ছুটির ব্যাখ্যা নিয়মের গণ্ডিতে করতে হলে তার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যায়। মহিলারা যাতে সুস্বাস্থ্য বজায় রেখে কাজ চালিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করতেই এই মাতৃত্বকালীন ছুটি। ফলে প্রথমবার যমজ সন্তানের জন্ম হলেও দ্বিতীয় বারের প্রেগন্যান্সিতে ওই মহিলাকে মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত করা যাবে না।’

  • Link to this news (এই সময়)