• বৃদ্ধার ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে এ বার ডিম থেরাপি বিজেপি নেতাকে
    এই সময় | ১৭ জুলাই ২০২৬
  • এ বার ডিম থেরাপি বিজেপি নেতাকে। নিউ টাউন এলাকার ঘটনা। অভিযোগ, ইস্টার্ন হাই নামক একটি বহুতলে দীর্ঘদিন ধরে এক বৃদ্ধার ফ্ল্যাট দখল করে রেখেছেন বরুণ বিশ্বাস নামে বিজেপি নেতা। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসার সময় ডিম ছোড়ে উত্তেজিত জনতা। সেই সময়ে ‘চোর চোর’ স্লোগান দেয় এলাকার লোকজন। ডিম থেরাপির পাশাপাশি ওই বিজেপিকে নেতা চড়, ঘুষি মারা হয় বলেও অভিযোগ।

    গত কয়েক দিন ধরেই রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। ডিম থেরাপির পাশাপাশি তাঁদের ঘিরে ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়। আর, বৃহস্পতিবার রাতে ডিম থেরাপি দেওয়া হয়েছে এক বিজেপি নেতাকে। রাজ্যে বোধহয় এই প্রথম কোনও বিজেপি নেতাকে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটল।

    ঘটনাটি ঘটেছে নিউ টাউনের ‘ইস্টার্ন হাই’ নামক বহুতলে। অভিযোগ, ওই আবাসনের একটি ফ্ল্যাট দখল করে বসবাস করছিলেন বরুণ বিশ্বাস। এক বৃদ্ধার কাছ থেকে বেআইনিভাবে দখল করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন তিনি। জানা গিয়েছে, আদালতের নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে যায় নিউ টাউন থানার পুলিশ।

    অভিযোগ, পুলিশের সামনেই চেয়ারে বসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বরুণ বিশ্বাস। সেই সময়ে থানায় যেতেও অস্বীকার করেন তিনি। পরে পুলিশ তাঁকে টানতে টানতে গাড়িতে তোলে। সেই সময় আবাসিকরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন এবং তাঁর দিকে ডিম ছুড়ে মারেন।

    তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই বিজেপি নেতা। পুরো বিষয়টি বিচারাধীন বলে মন্তব্য করেন তিনি।

    উল্লেখ্য, তৃণমূল নেতাদের লক্ষ্য ডিম ছোড়া নিয়ে প্রশ্ন উঠেছিল। এই নিয়ে সতর্ক করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-ও। এই জিনিস বিজেপি নেতাকর্মীদের সঙ্গেও হতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।

  • Link to this news (এই সময়)