• নিম্নচাপ পথ বদলে ওডিশামুখী, দক্ষিণবঙ্গে কমতে চলেছে বৃষ্টির দাপট, বাড়বে গুমোট অস্বস্তি, উত্তরে কী হবে?
    এই সময় | ১৭ জুলাই ২০২৬
  • রথে যেন বৃষ্টি হবেই। এ বারেও তার অন্যথা হয়নি। ভারী বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই বর্ষণ বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু শুক্রবার নিম্নচাপ গতিপথ বদলে ওডিশার দিকে সরে গিয়েছে। ফলে ওডিশা-সংলগ্ন কয়েকটি জেলা ছাড়া আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ দিন আকাশ সারাদিনই মেঘলা থাকবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় দু’-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে একাধিক দফায় বজ্রবিদ্যুত-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর।

    বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, প্রায় ৯৭ শতাংশ। ফলে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে না এখনই। শনিবার থেকে কলকাতা-সহ হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরিবর্তে চড়া রোদ ও উচ্চ আর্দ্রতার জেরে অস্বস্তি বাড়তে পারে। আগামী বুধবার পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘামঝরা গরমের পরিস্থিতি বজায় থাকতে পারে।

    অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকেই ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়তে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবারের পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।

    এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ১৮ জুলাই শনিবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুত নিরাপদে ফিরে আসারও পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)