• নিখোঁজ জাতীয় ট্রায়ালে সুযোগ পাওয়া রাইফেল শুটার
    আজকাল | ১৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল, কয়েকটি জিনিস কিনতে। তারপর আর ফেরেনি। খোঁজ শুরু হতে, শেষবার দেখা গিয়েছে, হাওড়া স্টেশনের ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যেতে। তারপর আর কোনও খোঁজ নেই জাতীয় ট্রায়ালে সুযোগ পাওয়া কিশোরী রাইফেল শুটারের। 

     নিখোঁজ দময়ন্তী সেন (১৫), মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেন এলাকার বাসিন্দা। ঘটনায় হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কাছাকাছি একটি দোকানে কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন দময়ন্তী। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি ফেরেননি। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও তাঁর কোনও খোঁজ মেলেনি। পরিবারের দাবি, হাওড়া স্টেশনের একটি প্ল্যাটফর্মে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁর আর কোনও সন্ধান নেই।

    দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, তাঁর মেয়ে একজন প্রতিশ্রুতিশীল রাইফেল শুটার। সম্প্রতি সে জাতীয় দলের ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল এবং নিয়মিত অনুশীলন করত। ঘটনার দিন দময়ন্তীর মোবাইল ফোন বাড়িতেই পড়ে ছিল। পরিবার জানিয়েছে, কোনও পারিবারিক অশান্তি বা অন্য কোনও সমস্যার ইঙ্গিতও ছিল না। ফলে তাঁর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

    ঘটনার তদন্তে নেমে হাওড়া থানার পুলিশ স্টেশন ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। বিভিন্ন সূত্র ধরে দময়ন্তীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে তাঁর ছবি ও নিখোঁজ হওয়ার তথ্য ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়েছে।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। দময়ন্তীর অবস্থান সম্পর্কে কোনও তথ্য থাকলে তা অবিলম্বে পুলিশ বা তাঁর পরিবারের কাছে জানানোর আবেদন করা হয়েছে।

     
  • Link to this news (আজকাল)