• বেড়াতে গিয়ে ট্রাভেল এজেন্সি, হোটেল, চালকদের দ্বারা প্রতারিত? পর্যটকদের আস্থা ট্যুরিস্ট হেল্পলাইন
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • বেড়ানোর আনন্দ মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। তবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দ্রুত পদক্ষেপে প্রতারণার শিকার এক পর্যটক ফিরে পেলেন তাঁর সম্পূর্ণ ৩৩ হাজার টাকা। এই ঘটনায় আবারও কার্যকর প্রমাণিত হল পর্যটকদের জন্য চালু থাকা ২৪ ঘণ্টার ট্যুরিস্ট হেল্পলাইন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা অঙ্কিত কুমার গ্যাংটক ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়ি জংশনে আসেন। সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থার বিজ্ঞাপন দেখে তিনি ৩৩ হাজার টাকার একটি ট্যুর প্যাকেজ বুক করেন। ওই প্যাকেজে হোটেল, খাবার এবং দর্শনীয় স্থান ঘোরানোর সম্পূর্ণ ব্যবস্থা থাকবে বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়। অনলাইনে টাকা পরিশোধ করার পর তাঁকে গ্যাংটকগামী একটি গাড়িতে তুলে দেওয়া হয়।

    কিন্তু গ্যাংটকে পৌঁছনোর পরই সামনে আসে প্রতারণার আসল চিত্র। তিনি জানতে পারেন, তাঁর নামে কোনও হোটেলই বুক করা হয়নি। প্রতারিত হয়েছে বুঝতে সময় লাগেনি, এরপরই অঙ্কিত কুমার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি পুলিশের ২৪ ঘণ্টার ট্যুরিস্ট হেল্পলাইনে অভিযোগ জানান।

    অভিযোগ পাওয়ার পর ট্রাফিক এসিপি সুবীর দত্ত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জংশন ট্রাফিক গার্ডের আইসি রিদম সাহাকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ দ্রুত অভিযানে নেমে সংশ্লিষ্ট ট্যুর অ্যান্ড ট্র্যাভেল অফিসে পৌঁছে যায়। মূল অভিযুক্তকে না পাওয়া গেলেও ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে পর্যটকের কাছ থেকে নেওয়া সম্পূর্ণ ৩৩ হাজার টাকা ফেরত দেওয়া হয়। টাকা ফিরে পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভূয়সী প্রশংসা করেন অঙ্কিত কুমার।

    শুধু এই ঘটনাই নয়, পর্যটকদের স্বার্থে আরও একটি অভিযোগেরও দ্রুত নিষ্পত্তি করেছে পুলিশ। এক পর্যটকের কাছ থেকে অবৈধভাবে আদায় করা ২০০ টাকাও ফেরত দেওয়া হয়েছে। পুলিশের এই তৎপরতায় পর্যটকদের নিরাপত্তা ও স্বার্থরক্ষায় শিলিগুড়ি ট্যুরিস্ট হেল্পলাইনের ভূমিকা আরও একবার সামনে এল।
  • Link to this news (News18 বাংলা)