• সেজে উঠছে রামপুরহাট স্টেশন! আধুনিকীকরণ, উন্নয়ন খতিয়ে দেখলেন পূর্ব রেলের জিএম মিলিন্দ দেওস্কর
    News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
  • পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর পাকুড় স্টোন কোয়ারি রেলওয়ে সাইডিং এবং রামপুরহাট রেলওয়ে স্টেশনে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করলেন। পাকুড়ে ঐতিহাসিক স্টোন কোয়ারি সাইডিংয়ের আধুনিকীকরণ এবং রামপুরহাটে অমৃত ভারত স্টেশন প্রকল্প-এর আওতায় স্টেশন পুনর্উন্নয়নের কাজ খতিয়ে দেখে তিনি নিরাপত্তা, দক্ষতা এবং যাত্রী পরিষেবা আরও উন্নত করার ওপর জোর দেন।

    পরিদর্শনকালে জিএম মিলিন্দ দেওস্কর পাকুড় কোয়ারি ইয়ার্ডে সম্পন্ন হওয়া ট্র্যাক উন্নয়ন প্রকল্পগুলি পর্যালোচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের পুরনো রেল পরিকাঠামোকে আধুনিক, নিরাপদ এবং অধিক কার্যকর রেল নেটওয়ার্কে রূপান্তর করা হয়েছে।

    নতুন রেললাইন ও Continuous Welded Rail (CWR) প্যানেল স্থাপন উন্নত যান্ত্রিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা আধুনিক নিরাপত্তা প্রোটোকল প্রয়োগ মালবাহী ট্রেন চলাচলের সক্ষমতা বৃদ্ধি

    এই গুরুত্বপূর্ণ প্রকল্পের স্মৃতিকে চিহ্নিত করতে পাকুড় স্টোন কোয়ারি রেলওয়ে সাইডিংয়ে একটি স্মারক ফলক উন্মোচন করেন জেনারেল ম্যানেজার।

    ১৮৬০ সালের ঐতিহ্য বহন করছে পাকুড় স্টোন কোয়ারি

    পাকুড় স্টোন কোয়ারি রেলওয়ে সাইডিংয়ের ইতিহাস প্রায় দেড়শো বছরেরও বেশি পুরনো। ১৮৬০ সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে রাজমহল পর্যন্ত রেললাইন চালু করার পর থেকেই এই সাইডিং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাথর পরিবহণ কেন্দ্র হিসেবে পরিচিত।

    পাকুড়ের উচ্চমানের পাথর বহু বছর ধরে দেশের বিভিন্ন সেতু, জাতীয় সড়ক এবং রেলওয়ে নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হয়ে আসছে। তবে সময়ের সঙ্গে মালবাহী ট্রেনের চাপ বাড়ায় পুরনো পরিকাঠামো দুর্বল হয়ে পড়ে। সেই কারণে ২০২৫ সালে জিএম মিলিন্দ দেওস্করের নির্দেশে একটি বৃহৎ পুনর্নবীকরণ প্রকল্প হাতে নেওয়া হয়, যা হাওড়া ডিভিশনের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে।

    পাকুড় সফরের পর মিলিন্দ দেওস্কর রামপুরহাট রেলওয়ে স্টেশনে গিয়ে অমৃত ভারত স্টেশন স্কিম-এর আওতায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি স্টেশন ভবনের পুনর্নির্মাণ, নতুন নকশা এবং যাত্রী পরিষেবার বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।

    বিশেষভাবে নজর দেওয়া হয়—

    সার্কুলেটিং এরিয়ার উন্নয়ন

    ফুট ওভারব্রিজ নির্মাণ

    যাত্রী প্রবেশ ও প্রস্থানের পথ উন্নতকরণ

    আধুনিক যাত্রী সুবিধা বৃদ্ধি

    নিরাপত্তা ও অ্যাক্সেসিবিলিটি আরও শক্তিশালী করা

    ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থাও খতিয়ে দেখলেন জিএম

    রামপুরহাট স্টেশনের Electronic Interlocking Control Panel Room-এ গিয়ে জিএম সিগন্যালিং ও ট্রেন অপারেশনের আধুনিক ব্যবস্থাও পরিদর্শন করেন। সেখানে তিনি ইয়ার্ড লাইন, মেইন লাইন, লেভেল ক্রসিং গেট পরিচালনা এবং নিরাপদ ট্রেন চলাচলের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করে পরিচালনগত নিরাপত্তা ও দক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখার নির্দেশ দেন।

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘পাকুড় স্টোন কোয়ারি সাইডিংয়ের আধুনিকীকরণ এবং রামপুরহাট স্টেশনের পুনর্উন্নয়ন পূর্ব রেলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অত্যাধুনিক ট্র্যাক প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ এই ফ্রেইট করিডরকে আরও শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে রামপুরহাটকে আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব স্টেশনে পরিণত করার কাজ দ্রুত এগোচ্ছে। এর ফলে আগামী দিনে দেশের ক্রমবর্ধমান পরিকাঠামো ও যাত্রী পরিষেবার চাহিদা আরও দক্ষতার সঙ্গে পূরণ করা সম্ভব হবে।’
  • Link to this news (News18 বাংলা)