• আজ বাঁকুড়ার মেজিয়ায় যাবেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জুলাই ২০২৬
  • আজ বাঁকুড়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শালতোড়ার মেজিয়ায় শ্যাম স্টিল সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকাজুড়ে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, সম্প্রসারণের ফলে শুধু বড় শিল্পই নয়, একাধিক অনুসারী শিল্পও গড়ে উঠবে। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতি পাবে।

    শালতোড়া এলাকার অধিকাংশ জমিই বৃষ্টিনির্ভর ও একফসলি। মেজিয়া শিল্পাঞ্চলে শ্যাম স্টিলের উৎপাদন কেন্দ্র দীর্ঘদিন ধরেই কর্মসংস্থানের অন্যতম ভরসা। বর্তমানে এই কারখানায় প্রায় আড়াই হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এবার উৎপাদন ক্ষমতা বাড়াতে সংস্থার তরফ থেকে কারখানার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

    কোম্পানি সূত্রে খবর, ইন্টিগ্রেটেড স্টিল প্লান্টটিকে আরও বৃহৎ ও আধুনিক উৎপাদন কেন্দ্রে পরিণত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি বাঁকুড়া জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহণ পরিষেবা ও আনুষাঙ্গিক ব্যবসারও প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার হেলিকপ্টারে মেজিয়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তাঁর অবতরণের জন্য মেজিয়া হাইস্কুলের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)