দেশজুড়ে বিস্ফোরণের ষড়যন্ত্র! গুজরাত পুলিশের হাতে গ্রেপ্তার ৫ পাকিস্তানি চর
বর্তমান | ১৭ জুলাই ২০২৬
গান্ধীনগর, ১৭ জুলাই: নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত একটি সন্দেহভাজন জঙ্গি মডিউলের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাত অ্যান্টি-টেররিজম স্কোয়াড। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
তদন্তকারী সূত্রের দাবি, এর আগে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে উঠে আসা তথ্যের ভিত্তিতেই গুজরাতের বিভিন্ন জেলা থেকে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। ধৃতদের নাম বিলাল আবিদ শেরা, মহম্মদ আইয়ুব কাদিওয়াল, মহম্মদ শফি মুখি, মহম্মদ হাসান কারাডিয়া এবং মহম্মদ খালি।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা গত ছয় মাসেরও বেশি সময় ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে গুজরাত সহ দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের ছক কষছিল। এটিএস এর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রের সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের যোগাযোগ ছিল। সূত্রে আরো জানাযায়, অভিযুক্তরা গুজরাতেই 'ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস' তৈরি করেছিল এবং নির্জন এলাকায় একাধিকবার পরীক্ষামূলক বিস্ফোরণও ঘটিয়েছিল এমনটাও উঠে এসেছে তদন্তে। মোট ছয় থেকে সাতবার ট্রায়াল বিস্ফোরণ চালানো হয়, যার মধ্যে কয়েকটি সফল হলেও কিছু বিস্ফোরক কার্যকর হয়নি।
তদন্তে বড় অগ্রগতি আসে ধৃত তিন অভিযুক্তের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার পর। তদন্তকারী সূত্রের দাবি, ওই ডিভাইসগুলির বিশ্লেষণে জানা গিয়েছে, অভিযুক্তরা পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত। পাশাপাশি, সংগঠনের সদর দপ্তরের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগও ছিল।