• মেলায় অন্যান্য পুতুলের সঙ্গে আধুনিক কার্টুন চরিত্রও মিশে যাচ্ছে, খুশি শিশুরা
    বর্তমান | ১৭ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, কৃষ্ণনগর: রথযাত্রার মেলা মানেই শুধু নাগরদোলা, জিলিপি-পাঁপড় বা সামাজিক উৎসব নয়। এই মেলার অন্যতম আকর্ষণ রঙিন পুতুলের পসরা। বিশেষ করে ঝুলন উৎসবকে সামনে রেখে কৃষ্ণনগরের রথের মেলায় এখন ছোট-বড় নানা ধরনের পুতুল কেনার ধুম পড়েছে। সকাল থেকেই রথের দড়ি টানতে মেলায় ভিড় করছেন প্রচুর মানুষ। পছন্দের পুতুল কেনার জন্য বায়না করছে ছোটরা। ফলে পুতুলের দোকানে শিশুর সঙ্গে অভিভাবকরাও ভিড় করেন। বিক্রি ভালো হওয়ায় বেজায় খুশি শিল্পীরাও। রথযাত্রার পর থেকেই শুরু হয় ঝুলন উৎসবের প্রস্তুতি। কারণ ঝুলনে সাজানোর জন্য নানা ধরনের পুতুলের দরকার। বেশিরভাগ মানুষ রথের মেলা থেকেই ঘুরে ঘুরে নানা ধরনের পুতুল কেনেন। সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও আজও ঐতিহ্য অটুট রয়েছে।

    কৃষ্ণনগর রথতলা, পোস্ট অফিস মোড়ে একাধিক মৃৎশিল্পী পুতুলের দোকান সাজিয়ে বসেছেন। ওই দোকানগুলিতে ছিল রঙিন ও বৈচিত্র্যময় পুতুলের সম্ভার। বর-বউ, পুলিশ, মাঝি, কৃষক, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গোরু, পাখি, বিভিন্ন দেব-দেবী ও গ্রামবাংলার জীবনযাত্রার প্রতিচ্ছবি। সব মিলিয়ে যেন এক ছোট্ট শিল্পের জগৎ। এখানে। প্রতিটি পুতুলে ফুটে উঠেছে শিল্পীর নিখুঁত হাতের কাজ, রঙের ব্যবহার এবং সৃজনশীলতার ছাপ। বর্তমানে কার্টুন চরিত্রের পুতুলও ছিল দোকানগুলিতে। শিশুদের চাহিদার কথা মাথায় রেখে দোকানগুলিতে ছিল ডোরেমন, মোটু-পাতলু-সহ জনপ্রিয় কার্টুন চরিত্রের নানা পুতুল। ছোটদের আবদার মেটাতে অভিভাবকদেরও সেই পুতুল কিনতে দেখা গিয়েছে।

    সঞ্জীব পাল নামে এক মৃৎশিল্পী বলেন, প্রায় ২০ বছর ধরে রথের মেলায় দোকান নিয়ে বসছি। বেশ কয়েক বছর ধরে কৃষ্ণনগরে বেশকিছু জায়গায় বড়ো বড়ো ঝুলন হচ্ছে। আমাদের সেই ছোটবেলা ফিরে আসছে যেন। ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত দামের পুতুলও ছিল দোকানগুলিতে। এক সপ্তাহ ধরে মেলা থাকবে। ফলে আরও পুতুল বিক্রি হবে বলে আশা করছি। রুম্পা দাস নামে এক গৃহবধূ বলেন, এবার মেলায় এসে দেখলাম গতবারের চেয়ে এবার অনেক বেশি বৈচিত্র্যের পুতুল এসেছে। শিশুদের পছন্দের নতুন নতুন চরিত্রের পুতুলও রয়েছে। তাই বাচ্চারাও খুশি। 

    রথের মেলায় পুতুল কেনার এই চিরন্তন রেওয়াজ শুধু ঝুলন উৎসবের প্রস্তুতিই নয়, কৃষ্ণনগরের মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখারও এক বড় ভরসা হয়ে উঠেছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)