বৃষ্টিতে বেহাল মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তা, দ্রুত মেরামতের নির্দেশ বিধায়কের
বর্তমান | ১৭ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে মেদিনীপুর শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। বড় বড় গর্তে জল জমে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। টোটো, বাইক দুর্ঘটনা থেকে শুরু করে যানজট—সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। এই পরিস্থিতিতে বর্ষা কাটলেই শহরের প্রতিটি ওয়ার্ডে অন্তত দু’টি করে বড় রাস্তার সংস্কারের উদ্যোগ নিচ্ছে মেদিনীপুর পুরসভা। ইতিমধ্যেই সেই রাস্তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।
পুরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত। দ্রুত রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছেন তিনি। পুরসভার রবীন্দ্রনগর-সহ ২৫টি ওয়ার্ডের একাধিক রাস্তায় দীর্ঘদিনের অবহেলা ও ভারী যান চলাচলের কারণে পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার জলে সেই গর্ত ডোবার চেহারা নেওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সমস্যায় পড়ছেন পথচলতি মানুষ, স্কুল-কলেজের পড়ুয়ারা। ভাঙা রাস্তার জেরে শহরের বিভিন্ন মোড়ে নিত্যদিন যানজটও তৈরি হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, বহুবার পুরসভা ও জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও স্থায়ী সমাধান মেলেনি। মাঝেমধ্যে রাবিশ ফেলে বা জোড়াতালি দিয়ে গর্ত বোজানো হলেও কয়েকদিনের মধ্যেই ফের আগের অবস্থা ফিরে আসে। তাঁদের দাবি, উন্নত মানের সামগ্রী দিয়ে দ্রুত রাস্তা পুনর্নির্মাণ করা হোক। বিশেষ করে ১৬ নম্বর ওয়ার্ডের হোসনাবাদ থেকে জাতীয় সড়ক, হরি সিনেমার চক থেকে নতুনবাজার চক, জোড়া মসজিদ থেকে মির্জাবাজার চক এবং ছোটবাজার থেকে নিমতলা পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রবল। রাস্তা তৈরি হলেও এক বছরের মধ্যে আগের রূপ নেয়। বিধায়ক শংকর গুছাইত বলেন, ‘শহরের বহু এলাকায় রাস্তার সমস্যা রয়েছে। দ্রুত তার সমাধান করা হবে।’ মেদিনীপুর আদালতের মহুরী অনুপ দে বলেন, ‘প্রচণ্ড বৃষ্টিতে দুর্ঘটনা বাড়ছে। প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেদিকে নজর রাখতে হবে। তবে রাস্তার সংস্কার প্রয়োজন। গোটা শহরের মানুষ ক্ষুব্ধ। পুরসভা ভালো উদ্যোগ নিচ্ছে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান, প্রতিটি ওয়ার্ডে দুটি করে বড় রাস্তার সংস্কার করা হবে। কোথাও নিকাশির সমস্যা বেশি থাকলে সেখানে নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হবে। তাঁর দাবি, নতুন বিধায়ক ও রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা মিলছে। মেদিনীপুরের ধর্মায় ৬০ নম্বর জাতীয় সড়কে জল।