নিজস্ব প্রতিনিধি, হাওড়া: খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টির জমা জল, দু’ধারে দখল হয়ে যাওয়া ফুটপাত, তার উপর বাজারের মাছ-মাংসের রক্ত ও নোংরা জল। এই জল মাড়িয়েই প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। হাওড়া-আমতা রোডে ডোমজুড়ের বাঁকড়া বাজারে দীর্ঘদিন ধরেই এই দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার দু’পাশের ফুটপাত কার্যত ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছে। ফলে বাধ্য হয়েই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হয় পথচারীদের। বাজারের মাছ ও মাংসের দোকান থেকে রক্ত ও বর্জ্য এসে মিশছে রাস্তার জমা জলের সঙ্গে। এতে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। সমস্যা এখানেই শেষ নয়। বাঁকড়া বাজারের বাইরেও একাধিক বিপণি ও অন্যান্য বাজার থাকায় দিনের অধিকাংশ সময় তীব্র যানজট লেগে থাকে। তার সঙ্গে রাস্তার একটি বড়ো অংশে বৃষ্টির জল জমে থাকায় বিপদের আশঙ্কা আরও বেড়েছে। এই পথ দিয়ে প্রতিদিন বাস, লরি সহ ভারী যানবাহন চলাচল করে। স্থানীয়দের আশঙ্কা, জলে ঢাকা গর্তে যে কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটতে পারে।
নিত্যযাত্রী রেশমা খাতুন, আমিনা খাতুন, ইকবাল আহমেদ বলেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় নিরাপদে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। যদিও ফুটপাতে ব্যবসা করা এক বিক্রেতার দাবি, চাকরি না পাওয়ায় বাধ্য হয়েই তিনি দোকান দিয়েছেন। প্রশাসন উচ্ছেদ অভিযান চালালে তিনিও সরে যাবেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাময়িক নয়, সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নিক প্রশাসন। নচেৎ বাঁকড়া বাজারের এই অব্যবস্থা যে কোনো দিন বড়োসড়ো দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।