ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবরেটরি গড়তে তথ্য সংগ্রহ
বর্তমান | ১৭ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবরেটরি তৈরির কথা বাজেটেই ঘোষণা করেছিল বিজেপি সরকার। এবার কোন কোন স্কুলে সেই ল্যাবরেটরি তৈরি করা সম্ভব, সে ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করল শিক্ষাদপ্তর। স্কুলগুলিতে তথ্যপ্রযুক্তি ল্যাবরেটরিগুলিতে কতজন শিক্ষক রয়েছেন, কেমন পরিকাঠামো রয়েছে, তা গুগল ফর্মের মাধ্যমে সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে ডিআইদের। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। পাঁচবছর ধরে এই প্রকল্প চলবে। প্রতিবছর এক লক্ষ ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ পাবে। রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা ওয়েবেল এই প্রশিক্ষণের দায়িত্বে থাকছে। সৃজনশীলতা, ডিজিটাল স্বাক্ষরতা, গল্প বলা এবং যোগাযোগ ও ভাবপ্রকাশের ক্ষমতাবৃদ্ধির পাশাপাশি অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়েলিটি ক্ষেত্রেও প্রশিক্ষণ পাবে এই ছাত্রছাত্রীরা। ভবিষ্যতে এগুলিই তাদের সফল ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।