এবার দেবরাজের সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তির তথ্য ফাঁস
বর্তমান | ১৭ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: লকার থেকে উদ্ধার হয়েছে সোনা। ওইসঙ্গে তদন্তে উঠে এসেছে গ্রেপ্তারির আগে বিপুল পরিমাণ সম্পত্তি হস্তান্তরের তথ্যও। তদন্তে উঠে আসা নতুন তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার বারাসত আদালতে দেবরাজ চক্রবর্তীর ফের পুলিশি হেপাজতের আবেদন জানান তদন্তকারীরা। সেই আবেদন মঞ্জুর করে বিচারক তাঁকে আরও ছয়দিনের পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা গিয়েছে, দুই দফার পুলিশি হেপাজতের মেয়াদ শেষ হওয়ার পর এদিন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে বারাসত আদালতে তোলা হয়। আদালতে তদন্তকারীদের দাবি, পুলিশি জেরার ভিত্তিতে দুটি ব্যাংকের লকার থেকে উদ্ধার হয়েছে যথাক্রমে ১৫০ গ্রাম এবং ৫০০ গ্রাম সোনার গয়না। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত দেবরাজের নামে প্রায় সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি হস্তান্তরের তথ্যও তদন্তে উঠে এসেছে। সরকার পক্ষের আরও দাবি, দেবরাজ গ্রেপ্তার হওয়ার পর থেকেই এতদিন চুপ করে থাকা একাধিক ভুক্তভোগী ব্যক্তি সামনে আসছেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ করেন দেবরাজের নির্মাণ সংস্থার একটি বহুতলে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১ কোটি টাকা নেওয়া হয়েছিল। মোট মৌখিক চুক্তি ছিল ১ কোটি ৩০ লক্ষ টাকার। কিন্তু কোনো লিখিত চুক্তি হয়নি। ফ্ল্যাটও পাননি ব্যবসায়ী। অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন তিনি মুখ খুলতে পারেননি। দেবরাজ গ্রেপ্তার হওয়ার পরই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছন ওই ব্যবসায়ী। ইতিমধ্যেই তাঁর গোপন জবানবন্দি নথিভুক্ত হয়েছে। মামলার বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, লকার থেকে সোনা উদ্ধারের পাশাপাশি সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি হস্তান্তরের তথ্য এবং নতুন ভুক্তভোগীদের অভিযোগ তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিয়েছে। সেই কারণেই আরও পুলিশি হেপাজতের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।