নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো নথি তৈরি করে ভারতে বসবাস। এমনকি পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোটও দিয়েছেন। নাম বাদ পড়ে এসআইআরে। তার সূত্র ধরেই ভবানীপুর থানার হাতে বুধবার রাতে গ্রেপ্তার হলেন আফগান নাগরিক জামিল খান। তাঁর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আফগান নাগরিক বৈধ ভিসা নিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে আসেন। তাঁর কাছে আফগানিস্তানের পাসপোর্ট ছিল। তাঁর দেশে ফিরে যাওয়ার কথা ছিল ওই বছরের মে মাসে। কিন্তু জামিল ফিরে যাননি। টাকার বিনিময়ে এখানে প্রথমে ভোটার কার্ড তৈরি করেন। তার ভিত্তিতে হয় ড্রাইভিং লাইসেন্স, আধার, প্যান কার্ড ও পাসপোর্ট। এমনকি ভোটার তালিকাতেও নাম তুলে ফেলেন জামিল। ২০২৪ সালে তিনি ভোটও দিয়েছেন। কিন্তু এসআইআর-এ তাঁর নাম বাদ পড়ে ভোটার তালিকা থেকে। জামিলের যাবতীয় নথি লালবাজারকে পাঠানো হয়। পুলিশ খোঁজ করতে গিয়ে জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি আসলে আফগান নাগরিক! জাল আধার, ভোটার, প্যান কার্ড, পাসপোর্ট প্রভৃতি তৈরি করে তিনি ভারতে রয়েছেন। এখানে সুদের কারবার করতেন তিনি। বুধবার রাতে ভবানীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর জাল নথি কে বানিয়ে দিয়েছিল? জামিল খানকে জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।