• দুর্গাপুজোর অনুদান ১ লক্ষ ২০ হাজার? নবান্নের ভাবনায় ‘বাদ’ ধনী কমিটিরা
    বর্তমান | ১৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রার দিন থেকেই আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। শারদোৎসবের জন্য দিন গুনতে শুরু করে বাঙালি। কোথাও কাঠামো পুজো করে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। কোথাও খুঁটিপুজোর মাধ্যমে মণ্ডপ নির্মাণের শুভ সূচনা হয়। পুজোর বাজেট নিয়ে হিসাবনিকাশ শুরু করে দেন কর্মকর্তারা। এবারও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না! তবে এবার রাজ্য সরকারে পালাবদল হয়েছে। তাই বাজেট ঠিক করতে গিয়ে একটা বড়ো অংশের পুজোকর্তাদের ভাবতে হচ্ছে, নতুন সরকার কি তৃণমূল সরকারের হারেই আর্থিক সহায়তা দেবে? নবান্নের পাওয়ার করিডরে খবর, এবার পুজো কমিটিগুলি যে অনুদান পেতে চলেছে, তা আগের তুলনায় বেশিই হবে। গত বছর পুজো কমিটিগুলিকে রাজ্যের তরফে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এবার কি তাহলে অনুদান বেড়ে ১ লক্ষ ২০ হাজার হতে চলেছে? নাকি আরও বেশি হবে এই অঙ্ক? চর্চা চলছে সর্বত্র।    

    তবে বিগত বছরগুলিতে অনুদান পাওয়া সব কমিটিই যে এবার তা পাবে না, আগেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিয়েছেন, ‘যেসব কমিটি সরকারি অনুদানের উপর নির্ভর করে পুজো আয়োজন করে, তাদের টাকা দেওয়া হবে। যাদের প্রয়োজন নেই, তারা পাবে না।’ সেক্ষেত্রে ‘কোটি কোটি টাকা বাজেটের পুজো’ বাদে অন্য পুজোগুলি অনুদান পাওয়ার তালিকায় থাকবে বলেই মনে করা হচ্ছে। 

    ২০১৮ সালে ১০ হাজার টাকা দিয়ে দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করেছিল পূর্বতন সরকার। সেই টাকার অঙ্ক বছর বছর বেড়ে ২০২৫ সালে গিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকায় দাঁড়ায়। রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটি অনুদান পেয়েছিল গত বছর। সেই সঙ্গে বিদ্যুৎ বিলে ছাড়সহ একাধিক সুবিধাও দেওয়া হয়েছিল। রাজ্যে পালাবদলের পর পুজো অনুদান পাওয়া নিয়ে কমিটিগুলির মধ্যে সংশয় তৈরি হয়েছিল। তবে স্বয়ং মুখ্যমন্ত্রীর বার্তায় সেই সংশয় কেটে যায়। এই অবস্থায় পুজো আয়োজক থেকে আম জনতার কৌতূহল, ঠিক কোন মানদণ্ডের নিরিখে এবার দেওয়া হবে পুজো অনুদান? সূত্রের খবর, নির্দিষ্ট সময়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে রাজ্যের নতুন সরকার যেভাবে এই প্রথম রথযাত্রার জন্যও আর্থিক সহায়তা দিয়েছে, তাতে কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন কম বাজেটের পুজোর কর্ণধাররা আশাবাদী যে দুর্গাপুজোর অনুদানের অঙ্ক বাড়বেই। 

    ২০২৫ সালে পুজো অনুদান দিতে রাজ্যের কোষাগার থেকে প্রায় ৪৯৫ কোটি টাকা খরচ হয়েছিল। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবার ধনী বা সম্পন্ন পুজো কমিটিগুলি বাদ পড়বে। তার মানে এই নয় যে অনুদান প্রাপক পুজো কমিটির সংখ্যা কম হবে। কারণ, বাস্তবিকই আর্থিক সহায়তা প্রয়োজন, এমন অনেক পুজো কমিটি প্রাপকের তালিকায় যুক্ত হতে পারে। 
  • Link to this news (বর্তমান)