অত্যাধুনিক সেন্সরযুক্ত ৫০টি ব্রেদ অ্যানালাইজার কিনছে কলকাতা পুলিশ
বর্তমান | ১৭ জুলাই ২০২৬
স্বার্ণিক দাস, কলকাতা: মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে একটাই দাবি করে থাকেন অভিযুক্ত— আপনাদের মেশিন ভুল তথ্য দিচ্ছে। আমি বৈধমাত্রার চেয়ে বেশি পান করিনি।
নাকা চেকিংয়ে দাঁড়িয়ে এ ধরনের বাক্যালাপে অভ্যস্ত পুলিশকর্মীরা। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত চালকের অনৈতিক যুক্তি শুনতে হয়। আবার কখনও কখনও সত্যিই দোষ পড়ে মেশিনের। ট্রাফিক পুলিশের নিচুতলার কর্মীদের এই টানাপোড়েন কাটাতে এবার অত্যাধুনিক প্রযুক্তির পথে হাঁটল লালবাজার। নাগরিক সুরক্ষায় এবার অত্যাধুনিক সেন্সর যুক্ত ব্রেদ অ্যানালাইজার কিনছে কলকাতা ট্রাফিক পুলিশ। যাতে মিলবে নির্ভুল তথ্যপ্রমাণ। শরীরের প্রতি ১০০ মিলি রক্তে কত পরিমাণ অ্যালকোহল রয়েছে, তা বলে দেবে ডিজিটাল মেশিন। একইসঙ্গে, মেশিন থেকে বেরিয়ে আসবে কাগজ। সেই কাগজের ভিত্তিতেই হবে মামলা। পুজোর আগে লালবাজারের ট্রাফিক বিভাগের হাতে এসে পৌঁছাবে ৫০টি অত্যাধুনিক ফুয়েল সেল সেন্সর যুক্ত ব্রেদ অ্যানালাইজার। যার বাজারদর প্রায় ২৪ লক্ষ টাকা। বিভিন্ন জেলায় বা কলকাতায় গাড়ি চালানোর সময় ট্রাফিক বিধি অনুযায়ী ব্লাড অ্যালকোহল কনটেন্টের (বিএসি) মাত্রা বেঁধে দেওয়া রয়েছে। নিয়ম বলছে, প্রতি ১০০ মিলিলিটার রক্তে ৩০ মিলিগ্রাম বিএসি পাওয়া গেলেই তা আইনবিরুদ্ধ এবং বিপজ্জনক। তার জেরে চালককে ‘মদ্যপ’ হিসাবে গণ্য করতে পারে পুলিশ। কলকাতা পুলিশের সার্জেন্ট পদমর্যাদার অফিসারদের মতে, বেশিরভাগ সময় মেশিন পুরনো হলেও সঠিক তথ্য দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও হয়। সম্পূর্ণ ডিজিটাল মেশিন হওয়ায় চালকের ফুঁ বা নিঃশ্বাসে থাকা বায়ুর হেরফের হলে মেশিনের তথ্য ভিন্ন আসতে পারে। এমন একাধিক ঘটনা ঘটেছে। একই অভিযুক্তকে একাধিকবার পরীক্ষা করে অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গিয়েছে। ফলে মেশিন খারাপ বলে অভিযোগ তোলার সুযোগ পাচ্ছেন চালকরা।
লালবাজারের কর্তারা বলছেন, ফুয়েল সেল সেন্সরযুক্ত ব্রেদ অ্যানালাইজারে সেই সমস্যা নেই। এই সেন্সর কাজ করে ইলেক্ট্রোমেকানিকাল প্রযুক্তিতে। যার মাধ্যমে চালকের নিঃশ্বাসের নমুনাকে অক্সিডাইজ করে বিএসির মাত্রা নির্ধারণ করা হয়। যা নির্ভুল। একই চালকের নিঃশ্বাস একাধিকবার পরীক্ষা করলেও তথ্যে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সূত্রের খবর, পুজোর সময় মদ্যপ চালকদের তাণ্ডব রুখতে এই ব্রেদ অ্যানালাইজার হাতে নিয়ে রাস্তায় নামবেন উর্দিধারীরা। চলবে