যত্রতত্র ঝুলে মরণ-ফাঁদ, সল্টলেকে কেবল লাইন সরাতে উদ্যোগী প্রশাসন
বর্তমান | ১৭ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে একাধিক জায়গায় বিপজ্জনকভাবে ছড়িয়ে রয়েছে কেবল লাইন। যত্রতত্র ঝুলে রয়েছে বা খুলে পড়ে রয়েছে রাস্তার ধারে। বর্ষার সময় বৃষ্টিতে অনেকের তা চোখে পড়ছে না। ফলে একপ্রকার মারণ ফাঁদ হয়ে পড়ে রয়েছে সেগুলি। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। ১ জুলাই ‘বর্তমান’ সংবাদপত্রে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তারপর নড়ে বসে প্রশাসন। অবশেষে দুর্ঘটনা রুখতে ওই কেবল লাইন সরানোর কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। বাসিন্দাদের দাবি, উদ্যোগটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পথচারীদের পায়ে জড়িয়ে বা গলায় পেঁচিয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। দুর্ঘটনার শিকার হতে পারেন সাইকেল ও বাইক চালকরাও। এই কাজ শুরু হওয়ায় সকলেই উপকৃত হবে।
সল্টলেকে যে কোনো জায়গায় তাকালেই চোখে পড়ে গুচ্ছ গুচ্ছ কেবল লাইন। রাস্তার ডিভাইডারের উপর দিয়ে গিয়েছে কেবলের জট। তা ছেঁড়া অবস্থা পড়ে থাকলে সমস্যা নেই। সমস্যা হয় যখন সেই ছেঁড়া বা না ছেঁড়া অংশ রাস্তায় বেরিয়ে চলে আসে। বহু জায়গায় রাস্তার উপর কেবল তার পড়ে রয়েছে। বৃষ্টির সময় তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। কারণ রাস্তা এমনিতেই পিছল অবস্থায় থাকে। তারপর তার পড়ে থাকলে আরও বিপত্তি। দিনের বেলা দেখা গেলেও সন্ধ্যার পর দেখাও যায় না। এই কেবল তারে সল্টলেকে দুর্ঘটনাও ঘটেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, যে সংস্থার কেবল লাইন তাদের আগেই বলা হয়েছিল। বর্ষার সময় বৃষ্টি এবং ঝড়ে কিছু জায়গায় অবিন্যস্ত হয়ে যায়। তাই বর্ষার মধ্যেই সেগুলি ঠিক করতে বলা হয়েছে। সম্প্রতি কাজও শুরু হয়েছে। সল্টলেকের ডি ডি ব্লকে তাম্বুলি মহাসম্মেলনের সামনে ডিভাইডার থেকে কেবল লাইন খুলে পড়েছিল। বৃহস্পতিবার ৩-৪ জন কর্মী সেখানকার সমস্ত কেবল ঠিক করেছেন। ছেঁড়া তার খুলে নেওয়া হয়েছে। এই কাজ চলবে। -নিজস্ব চিত্র