• আজ বজবজে জল সরবরাহ বন্ধ, জয়নগরে নির্জলা রইল ৬টি ওয়ার্ড
    বর্তমান | ১৭ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বজবজ ও বারুইপুর: আজ, শুক্রবার বিকালের পর পাইপলাইনে জরুরি মেরামতির জন্য বজবজ পুরসভা এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পুর চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত এই মর্মে বিবৃতি দিয়ে বলেছেন, কেএমডিএ জরুরি ভিত্তিতে মেরামতির কাজ করবে, তাই বজবজের ২০টি ওয়ার্ডেই পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকালে পরিষেবা স্বাভাবিক হবে। এদিকে, জয়নগর মজিলপুর পুরসভার ১৪টি ওয়ার্ডের মধ্যে ছ’টি ওয়ার্ডে বৃহস্পতিবার জল সরবরাহ বন্ধ ছিল। বুধবার সন্ধ্যায় পাম্প পুড়ে যাওয়ায় এই বিপত্তি। নির্জলা ওয়ার্ডগুলি হল ৭, ৮, ৯, ১০, ১১ এবং ১৪। ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। পুর চেয়ারম্যান সুকুমার হালদার একথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, আমরা চেষ্টা করছি, যাতে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা যায়। স্থানীয় বাসিন্দা সমর ঘোষ এবং গৃহবধূ রুম্পা চৌধুরীর অভিযোগ, আগের দিন সন্ধ্যায় পাম্প পুড়ে গেলেও এদিন সারাদিন পুরসভা চুপ করে বসে রইল কেন? জরুরি ভিত্তিতে কেন মেরামত করা হল না? কেন ওয়ার্ডগুলিতে জলের ট্যাঙ্ক পাঠায়নি পুরসভা? পুরসভার দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই জল কষ্টে ভুগতে হল নাগরিকদের। অনেককেই জল কিনে খেতে হয়েছে। কবে জল মিলবে, তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি পুরসভা।
  • Link to this news (বর্তমান)