• ভুয়ো নথি বানিয়ে পাঁচ বছর ধরে ভারতে, কলকাতায় গ্রেপ্তার আফগান নাগরিক
    এই সময় | ১৭ জুলাই ২০২৬
  • ভুয়ো পরিচয়পত্র তৈরি করে গত পাঁচ বছর ধরে ভারতে বসবাসের অভিযোগ। অবশেষে কলকাতায় গ্রেপ্তার এক আফগান নাগরিক। ধৃতের নাম জামিল খান। তাঁর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছিলেন জামিল। তাঁর ভিসার মেয়াদ ছিল তিন মাস। কিন্তু জামিল ফিরে যাননি। ভারতেই থেকে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, ভিসা শেষ হয়ে যাওয়ার পরে ভুয়ো পরিচয়পত্র বানিয়েই এ দেশে থাকছিলেন তিনি। ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়ে নিয়েছিলেন। কিন্তু গত বিধানসভা ভোটের আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে। তার সূত্র ধরেই জামিলের খোঁজ শুরু হয়। তার পরেই পুলিশ জানতে পারে, জামিল আফগান নাগরিক। ভুয়ো নথি বানিয়ে ভারতে থাকছিলেন তিনি।

    বুধবার রাতে ভবানীপুর এলাকা থেকে জামিলকে পাকড়াও করা হয়। পরে ভবানীপুর থানার হাতে তুলে দেওয়া হয় তাঁকে। ভুয়ো নথি কী ভাবে বানিয়েছিলেন জামিল, কারা তাঁকে এ কাজে সাহায্য করেছেন, সবই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)