অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘সুইগি’-র বিরুদ্ধে আবারও ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। সংস্থার বিরুদ্ধে খারাপ আইসক্রিম ডেলিভারির পরে এ বার খাবারের অর্ডার বাতিল হওয়ার পরেও সম্পূর্ণ বিলের টাকা ‘ক্যানসেলেশন ফি’ হিসেবে কেটে নেওয়ার অভিযোগ তুললেন কৃষ্ণনগরের সাংসদ । সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ সুইগির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, এই প্রথম নয়, তৃতীয়বার তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছে।
মহুয়ার জোরালো অভিযোগ
সাংসদ মহুয়া মৈত্র তাঁর পোস্টে লেখেন, ‘হ্যালো @Swiggy, এই নিয়ে তৃতীয়বার আপনারা কোনও কারণ ছাড়াই আমার অর্ডার বাতিল করলেন। অথচ ‘ক্যানসেলেশন ফি’ হিসেবে পুরো বিলের ১,৪৫৭ টাকা কেটে নিলেন। এত রাতে খাবারও পেলাম না, আবার কাস্টমার সার্ভিস থেকেও কোনও সাহায্য পেলাম না।’
সাংসদ তাঁর পোস্টের সঙ্গে একটি স্ক্রিনশটও শেয়ার করেন। সেখানে দেখা যায়, দিল্লির জনপ্রিয় রেস্তোরাঁ আরসালান (Arsalan)-এ তাঁর অর্ডার করা খাবারটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ই-মেলে জানানো হয়েছে, রেস্তোরাঁর পরিষেবার জন্য ১,৪৫৭ টাকা ক্যানসেলেশন চার্জ কাটা হবে।
নেটিজ়েনদের ক্ষোভ
মহুয়ার অভিযোগ সামনে আসতেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেক ব্যবহারকারীও একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের কাস্টমার সার্ভিস ও ক্যানসেলেশন নীতি নিয়ে প্রশ্ন তোলেন।
সুইগির জবাব
বিতর্ক বাড়তেই X-এ প্রতিক্রিয়া জানায় সুইগি। সংস্থার তরফে বলা হয়, ‘এ ধরনের অভিজ্ঞতা যে অত্যন্ত হতাশাজনক, তা আমরা বুঝতে পারছি। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করছি। অর্ডার বাতিল হওয়া এবং সংশ্লিষ্ট চার্জ খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করব।’
প্রসঙ্গত, এর আগেও পরিষেবার মান নিয়ে এই অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের সমালোচনা করেছিলেন মহুয়া মৈত্র। এ বার পরপর তিনবার অর্ডার বাতিল হওয়া এবং পুরো বিলের সমপরিমাণ অর্থ ক্যানসেলেশন ফি হিসেবে কেটে নেওয়ার অভিযোগ নতুন করে খাদ্য সরবরাহকারী সংস্থাগুলির গ্রাহক পরিষেবা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিল।