• স্বামীর দ্বিতীয় বিয়ে, বিহার থেকে দলবল নিয়ে এসে অপহরণ স্ত্রীয়ের
    এই সময় | ১৭ জুলাই ২০২৬
  • এই সময়, করণদিঘি: স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রকাশ্যে এক স্বামী তুলে নিয়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হলো করণদিঘিতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময়)। ভিডিয়োয় দেখা যাচ্ছে, উত্তর দিনাজপুরের করণদিঘি থানার বোতলবাড়ি এলাকায় প্রকাশ্য এক ব্যবসায়ীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। গত ১৪ জুলাই বিকেলে অপহরণের পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই যুবকের কোনও খোঁজ মেলেনি। ঘটনায় করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অপহৃতের পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর ২৪–এর আনোয়ারুল আলমের কয়েক বছর আগে বিহারের কাচনা থানার কুচিডাঙি গ্রামের বাসিন্দা মুশা আলির মেয়ে রেশমা খাতুনের সঙ্গে বিয়ে হয়। পরে রেশমা বাপের বাড়িতে চলে যান এবং সেখানেই এক পুত্রসন্তানের জন্ম দেন। অভিযোগ, এরপর থেকে তিনি আর শ্বশুরবাড়িতে ফেরেননি। এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। খোরপোশের অর্থ নিয়েও মতবিরোধ ছিল। ১৫ দিন আগে আনোয়ারুলের দ্বিতীয় বিয়ে হয়।

    এরপর ১৪ জুলাই বিকেলে বিহার থেকে একটি টাটা সুমো গাড়িতে কয়েকজন এসে বোতলবাড়িতে যুবকের গ্রিলের দোকান থেকে জোর করে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী জিল্লুর রহমান বলেন, ‘চোখের সামনে ঘটনাটি ঘটেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়ি চলে যায়।’ অপহৃতের আত্মীয় মহম্মদ শাহজাহান বলেন, ‘স্বামী-স্ত্রীর বিবাদ নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল। হঠাৎ শ্বশুরবাড়ির লোকজন এসে ওকে তুলে নিয়ে যায়। তিন দিন কেটে গেলেও ওর কোনও খোঁজ পাওয়া যায়নি।’ অপহৃতের বাবা রফিকুল আলম করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রেশমা খাতুনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

  • Link to this news (এই সময়)